ভুল লোককে অভিনন্দন জানালেন বাইডেন
বোস্টনের মেয়র নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দলীয় প্রার্থী জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানাতে গিয়ে আরেক জনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
গত মঙ্গলবার রাতে নবনির্বাচিত মেয়র মার্টি ওয়ালসের বদলে তার ফোন চলে যায় বোস্টনের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সভাপতির নম্বরে, যার নামও মার্টি ওয়ালস।
বৃহস্পতিবার এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন পরামর্শক ওয়ালস।
তিনি বলেন, “২০২ নম্বর থেকে ফোন আসল এবং আমি সেটা ধরলাম। অন্য প্রান্তে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলে চললেন, ‘অভিনন্দন মার্টি। তুমি এটা করে দেখালে!”
“আমি বললাম, জনাব ভাইস প্রেসিডেন্ট আপনি ভুল মার্টি ওয়ালসকে ফোন করেছেন।”
এ সময় হেসে দেন বাইডেন।
তখন ভাইস প্রেসিডেন্টকে সঠিক নম্বর বলে দেন ওয়ালস।
‘মেয়র না হওয়ায় আপনাকে অভিনন্দন’ বলে বাইডেন ফোনটি রেখে দেন বলে জানান ওয়ালস।
