মার্কিন সিনেটে ড্রোন হামলা তদারকি বৃদ্ধির বিল পাস
যুক্তরাষ্ট্রের নাগরিকসহ সন্দেহভাজন জঙ্গিদের হত্যা করতে চালকবিহীন বিমান (ড্রোন) ব্যবহারের ওপর বেসরকারি ও সরকারি উভয় ধরনের তদারকির একটি পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি।
চলতি সপ্তাহের প্রথমদিকে সিনেটের একটি অধিবেশনের সময় রুদ্ধদ্বার কক্ষে ওই ভোট অনুষ্ঠিত হয়।
এই পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরিচালিত ড্রোন হামলায় যতোজন মানুষ নিহত ও আহত হবে তার পরিসংখ্যান প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
এছাড়া বিদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক বা বসবাসরতদের লক্ষ করে ড্রোন হামলা চালানোর আগে সাবধানতা অবলম্বনের জন্য গোয়েন্দা সংস্থাগুলোর গোপন নজরদারি বাড়ানোর বিষয়ও অনুমোদন করে কমিটি।
যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যু ও আহত হওয়া নিয়ে বিদেশি সরকার, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রবল চাপে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসন।
গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর ডিয়ানি ফিয়েনস্টাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৩-২ ভোটে কমিটি বিলটি অনুমোদন করেছে।
বিলটির বিরুদ্ধে যে দুজন কমিটি সদস্য ভোট দিয়েছেন তারা রিপাবলিকানদলভুক্ত বলে জানিয়েছে কংগ্রেসের একটি সূত্র।
ড্রোন হামলা যুক্তরাষ্ট্রর সরকারের অধীনে পরিচালিত গোপন পদক্ষেপ হওয়ায় এ অভিযানের ক্ষেত্রে সাধারণ আইনি বাধ্যবাধকতা প্রয়োগ যথাযথ নয় বলে বিলটির বিরোধিতা করেছেন রিপাবলিকান দলীয় সদস্যরা।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানেই এ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিচালিত সবচেয়ে বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া ইয়েমেন, আফগানিস্তান ও সোমালিয়াতেও বিভিন্ন সময় ড্রোন হামলা চালিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের পরিচালিত ড্রোন হামলায় এ যাবৎকালের মধ্যে নিহত দেশটির একমাত্র নাগরিক আনওয়ার আল আওলাকি। আওলাকি ইয়েমেনভিত্তিক আল কায়েদার সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।
এছাড়া আওলাকির কিশোর সন্তানের মতো আরো বেশ কয়েকজন মার্কিন নাগরিক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে।
