২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দুই দফা নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন মালদ্বীপের অধিবাসীরা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

নির্বাচন হওয়ার জন্য সব প্রার্থীদের একমত হতে হবে এবং ভোটার তালিকায় সই করতে হবে। এ সপ্তাহের শুরুতে একেবারে শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটার তালিকার ব্যাপারে একমত হলে নির্বাচনের নতুন এই তারিখ নির্ধারিত হয়।

শনিবারের নির্বাচনে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পান তবে রোববার দ্বিতীয়বার ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তা এইশাথ রিমা এএফপিকে বলেন, “মালদ্বীপ এবং বিদেশের বিভিন্ন রাজধানী যেখানে মালদ্বীপের জনগণ বসবাস করেন সেসব স্থান মিলিয়ে মোট ৪৭৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।“

প্রথমবার আদালত ভোট বাতিল করে দিলে এবং দ্বিতীয়বার পুলিশ ভোট গ্রহণ স্থগিত করলে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা ও অনিশ্চয়তার সৃষ্টি হয়।

২০০৮ সালে মালদ্বীপের প্রথম জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ নাশিদ। তিন দশক ধরে দেশটিকে শাসন করা মামুন আব্দুল গাইয়ুমকে সরিয়ে তিনি ক্ষমতায় বসেন।

কিন্তু নাশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন নাশিদ। তার স্থান গ্রহণ করেন তার সরকারেরই ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান মানিক।

যদিও ওয়াহিদের দাবি, বিরোধীদলের বিক্ষোভের মুখে নাশিদ নিজেই পদত্যাগ করেছিলেন।

নাশিদের বিরোধীদল মালদ্বীপিয়ান ডেমক্রেটিক পার্টির সমর্থকদের আশঙ্কা সরকার এবং বিচারবিভাগ মিলে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করে নাশিদকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনতে চাইছে।

এবারের নির্বাচনে নাশিদের প্রধান প্রতিদ্বন্দ্বী গাইয়ুমের সৎ ভাই আব্দুল্লাহ ইয়ামিন। অন্য বড় প্রার্থী হলেন জসিম ইব্রাহিম। বিত্তশালী ইব্রাহিম গাইয়ুমের মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।

৭ সেপ্টেম্বর প্রথম নির্বাচনে নাশিদ ৪৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। ইয়ামিন ২৫ শতাংশ এবং জসিম ২৪ শতাংশ ভোট পান। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ মাত্র ৫ শতাংশ ভোট পান এবং নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান।

পরে জসিম ওই ভোট নিয়ে অনিয়মের অভিযোগ তুললে দেশটির সুপ্রিম কোর্ট নির্বাচনটি বাতিল করে দেয় এবং নির্বাচনের নতুন কিছু নির্দেশাবলী সংযোজন করে। যদিও পর্যবেক্ষকরা বলেছিলেন, নির্বাচন আবাধ এবং সুষ্ঠু হয়েছে।

১৯ অক্টোবর দ্বিতীয়বার ভোট গ্রহণের পরিকল্পনা করা হলেও নির্দেশাবলী যথাযথভাবে পালন করা হয়নি বলে পুলিশ ওই নির্বাচন স্থগিত করে দেয়।

মালদ্বীপের সংবিধান অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণ করতে হবে। কারণ ওই সময়ে বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে।