২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফা আলোচনা

বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে জেনেভায় বিশ্বের শক্তিধর দেশগুলো এবং ইরান দ্বিতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

দুই দিনের এই বৈঠক বৃহস্পতিবার শুরু হয়েছে। এর আগে গত মাসে এই বিষয়টি নিয়ে আলোচনাকে উভয় পক্ষ “বাস্তব এবং দূরদর্শী” বলে বর্ণনা করেছিল।

আন্তর্জাতিক আলোচকরা জানান, তারা ইরানের প্রস্তাব বিবেচনা করে দেখছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু তারা জানাননি বলে বিবিসি জানিয়েছে।

পশ্চিমা বিশ্বের ধারণা পরমানু অস্ত্র তৈরির জন্য ইরান তাদের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি করছে। যদিও ইরানের দাবি সম্পূর্ণ শান্তিপূর্ণ কারণে তাদের পরমাণু প্রকল্পের কার্যক্রম চলছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বশেষ আলোচনায় ‘পি৫+১’ এর অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তারা আলোচনা করেন।

পি৫ এর অন্তর্ভুক্ত দেশগুলো হল যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং +১ হচ্ছে জার্মানি। দেশগুলো ই৩+৩ নামেও পরিচিত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আশা করছেন, এই আলোচনা ‘ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর সম্পর্ককে নতুন রূপ দেবে।‘

ইরানের প্রস্তাব ‘বুঝতে এবং এতে সাড়া দিতে’ আন্তর্জাতিক আলোচকদের সময় প্রয়োজন বলে মনে করেন জারিফ।

এদিকে আলোচনা শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ একজন প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন তেহরানকে ‘প্রথম পদক্ষেপে’(ইরান তাদের পরমাণু কার্যক্রম আর বাড়াবে না) রাজি করাতে চায়।

তিনি আরো বলেন, “প্রাথমিক সমঝোতা যেটা ইরানের পরমাণু প্রকল্পের কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাওয়া বন্ধ করবে এবং কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এটাকে পেছনের দিকে নিয়ে যাবে।“

গত মাসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশটন বলেছিলেন, পি৫+১ এবং ইরান নিজেদের মধ্যে ‘এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বিস্তারিত আলোচনা’ করেছে।

অগাস্টে হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নে তিনি কাজ শুরু করেন। এরই ফল গত মাসে পরমাণু প্রকল্প নিয়ে পি৫+১ এর সঙ্গে ইরানের আলোচনা।

আন্তর্জাতিক আলোচকরা তেহরানের কাজ থেকে এমন একটি পদক্ষেপ চাইছে যাতে তারা নিশ্চিত হতে পারেন যে, ইরান কখনই পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হবে না। তার বদলে তারা ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা যা গত কয়েক বছরে চাপিয়ে দেয়া হয়েছে তা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আন্তর্জাতিক আলোচকরা আরো চাইছেন, পুরোপুরি নিশ্চয়তার জন্য ইরান যেন আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়। সেই সঙ্গে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনে।

পশ্চিমা বিশ্ব চায় ইরান যেন তাদের ইউরেনিয়াম মজুদ ২০ শতাংশের নিচে নামিয়ে আনে। কারণ এই পরিমান ইউরেনিয়াম কখনোই সামরিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে তারা চায় ইরান যেন তাদের মজুদের কিছু অংশ বিদেশে পাঠিয়ে দেয়।

২০০৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এর অংশ হিসেবে যারা ইরানের পরমানু প্রকল্পের সঙ্গে জড়িত তাদের সম্পদ জব্দ এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এছাড়া তেলভিত্তিক অর্থনীতির দেশ ইরানের শক্তি এবং ব্যাংকিং খাতেও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়।