২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বোমা বিস্ফোরণে নিহত ১

চীনের উত্তরাঞ্চলে কমিউনিস্ট পার্টির এক প্রাদেশিক দপ্তরের কাছে বেশ কয়েকটি ক্ষুদ্র বোমা বিস্ফোরিত হয়েছে। এতে একজন নিহত ও অন্ততপক্ষে ৮ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 11:15 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বুধবার শাংসি প্রদেশের তাইয়ুয়ানে ধারাবাহিকভাবে কয়েকটি ক্ষুদ্র বোমার বিস্ফোরণ ঘটে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।


স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ঘটা এসব বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাস্তার পাশের একটি ফুল বাগানের মধ্যে ঘরে তৈরি এই বোমাগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।

নিজেদের মাইক্রোব্লগে পোস্ট করা এক বিবৃতিতে চীনা পুলিশ বলেছে, “তাইয়ুয়ানের ইঙ্গজি স্ট্রিটে প্রাদেশিক পার্টি দপ্তরের কাছে কয়েকটি ক্ষুদ্র বোমা বিস্ফোরিত হয়েছে।”

“প্রাদেশিক নেতারা ঘটনার পরপরই বিস্ফোরণস্থল পরিদর্শন করেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”

ঘটনাস্থল থেকে ইস্পাতের ছোট ছোট বল উদ্ধার করা হয়েছে, সেগুলো বিস্ফোরিত বোমায় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা একটি মিনিভ্যান বিস্ফোরিত হতে দেখেছেন। বিস্ফোরণে গাড়ির কোনো কোনো অংশ উড়ে যায় বলে জানিয়েছেন তারা।

অপর কয়েকজন প্রত্যক্ষদর্শী সিনহুয়াকে জানিয়েছেন, তারা ‘সাতটি বড় বিস্ফোরণ’র আওয়াজ শুনেছেন আর বিস্ফোরণস্থলে প্রচুর ধোঁয়া উঠতে দেখেছেন।

গত সপ্তায় চীনের রাজধানী বেইজিংয়ের এক ঘটনায় পাঁচজন নিহত হয়। বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে রাস্তার পাশ দিয়ে যাওয়া পর্যটকদের ওপর একটি চলন্ত গাড়ি উঠে আগুন ধরে গেলে তারা মারা যান।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে চীনা কর্তৃপক্ষ। হামলার জন্য শিনজিয়াংয়ের উইগুর মুসলিম চরমপন্থীদের দায়ী করা হয়েছে।

বেইজিংয়ে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যেই আবার শাংসিতে বোমা হামলা চালানো হল।