২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া শান্তি সম্মেলন নিয়ে বৈঠকে কূটনীতিকরা

সিরিয়া সঙ্কট নিরসনের চেষ্টায় শান্তি সম্মেলনের পথ প্রশস্ত করতে সুইজারল্যান্ডে আলোচনায় বসেছেন জাতিসংঘ-আরব লিগ দূত লাখদার ব্রাহিমি এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 08:28 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সিরিয়া শান্তি সম্মেলনে কারা কারা অংশ নেবে এবং এর আলোচ্যসূচি কি হবে তা নিয়ে বিরোধ ও মতানৈক্যের মধ্যে কয়েক মাস ধরেই সম্মেলনটি আয়োজনের চেষ্টা চলে আসছে।

আর সে লক্ষ্যেই জেনেভায় জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন বেশ কয়েকজন কূটনীতিক।

রুদ্ধদ্বার এক বৈঠকের পর তাদের সঙ্গে যোগ দেবেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদেশ যুক্তরাজ্য, ফ্রান্স, চীনের কূটনীতিকরা। একইসঙ্গে বৈঠকে যোগ দেবে সিরিয়ার প্রতিবেশী দেশ লেবানন, ইরাক, জর্ডান এবং তুরস্কের কর্মকর্তারাও।

কেবলমাত্র সিরিয়া সরকার এবং বিদ্রোহীগ্রুপ গুলোর শান্তিচুক্তির মধ্য দিয়েই বেরিয়ে আসতে পারে সঙ্কটের সমাধান। কিন্তু এ আসল দুই পক্ষই জেনেভায় নেই। তাদের মধ্যে এখনো বিরাজ করছে ঘোর মতানৈক্য।

সিরিয়ার প্রেসিডেন্ট এখনো ক্ষমতায় থাকার ব্যাপারে অটল। আর বিদ্রোহীপক্ষ আসাদ ক্ষমতা থেকে না সরলে শান্তি আলোচনায় বসতে রাজি নয়।

জাতিসংঘের এক সূত্র জানিয়েছে, কূটনীতিকদের বৈঠক থেকে শান্তি সম্মেলনের কোনো দিনক্ষণের ঘোষণা হয়ত খুব শিগগিরই আসবে না। তবে সম্মেলনের জন্য সব পক্ষ এবং দলকে অন্তত একটি দিন নির্ধারণের জন্য রাজি করানোর চেষ্টা চালাবেন কূটনীতিকরা।