২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় সামরিক জান্তার গোপন নথি উদ্ধার

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরিসে সামরিক শাসনামলের ১৫ হাজার গোপন নথি পাওয়া গেছে। বিমান বাহিনীর পরিত্যক্ত একটি সদর দপ্তরে এসব নথি পাওয়া যায়।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনা সামরিক বাহিনীর শাসনে ছিল। সামরিক জান্তার সাত বছরের এ শাসনকালে ৩০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল বলে মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে।

এই নথিগুলোতে সামরিক জান্তার সব বৈঠকের বিবরণ লিপিবদ্ধ করা আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অগুস্তিন রোসি।

নথিগুলোতে সামরিক শাসনকালে কালোতালিকাভুক্ত বিখ্যাত শিল্পী ও বুদ্ধিজীবীদের নামও তালিকাবদ্ধ আছে বলে জানিয়েছেন তিনি।

কালোতালিকাভুক্ত এসব শিল্পীর মধ্যে লোকগায়ক মার্সিদেজ সোসা, লেখক জুলিও কোর্তাজার, ট্যাঙ্গো সঙ্গীতজ্ঞ অসভালদো পুগলিয়েসি এবং অভিনেত্রী নোর্মা আলেয়ান্দ্রো উল্লেখযোগ্য। ওই সময় এসব শিল্পীকে হয় নিষিদ্ধ নয়তো তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

“সমাজের ওপর তাদের হুমকির সক্ষমতা বিবেচনায় তাদের এফ-১ থেকে এফ-৪ শ্রেণীতে ফেলা হয়েছিল,” বলেন রোসি।

তবে সামরিক সরকারের সময় যেসব মানুষকে হত্যা বা গুম করা হয়েছিল, এসব নথিতে তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাবে কিনা তা এখনো পরিষ্কার হয়নি।

এসব নথি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা সরকার।