ত্রিপোলিতে ব্যাপক গোলাগুলি
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই গোলাগুলির ঘটনায় বিমানবিধ্বংসী অস্ত্রও ব্যবহার করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আধা সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, সুক আল-জুমা এলাকার পূর্বাঞ্চলে আধা সামরিক বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়। ওই সূত্র এর বাইরে আর কোনো তথ্য জানাতে পারেনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে ঘটনাস্থলে পুড়ে কয়লা হয়ে যাওয়া দুইটি গাড়ি পড়ে আছে। তবে ছবির সত্যতার ব্যাপারে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি রয়টার্সকে বলেন, তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন। চেষ্টা করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দুই বছর আগে দেশটির সাবেক শাসক মোহাম্মদ গাদ্দাফির পতনের পর থেকে বিভিন্ন আধা সামরিকর বাহিনীর সদস্য, অপরাধী চক্র এবং ইসলামপন্থী জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে দেশটির বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ।
২০১১ সালে গাদ্দাফিবিরোধী ন্যাটো সমর্থিত আন্দোলনের কেন্দ্রস্থল ছিলো সুক আল-জুমা। লিবিয়ার পূর্বাঞ্চলেই গাদ্দাফিবিরোধীরা সংগঠিত হয়েছিল, যা পরবর্তী সময়ে রাজধানীতেও ছড়িয়ে পড়ে।
লিবিয়ার পূর্বাঞ্চলের শহর বেনগাজির অধিবাসীরা জানান, নিরাপত্তার নামে হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে সোমবার বিকালের দিকে বন্দরনগরীর বিভিন্ন স্থানে কয়েক ডজন মানুষ আলাদা আলাদা ভাবে প্রতিবাদ কর্মসূচী পালন করে। ওই সময় তারা প্রধানমন্ত্রী আলি জিদানের পদত্যাগ এবং দেশটির সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানান।
বোমাবাজি এবং সেনা ও পুলিশ সদস্যদের হত্যার জন্য কুখ্যাত বেনগাজি। লিবিয়ার তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল ত্রিপোলির শাসনব্যবস্থা থেকে নিজেদের আলাদা করতে চায় এবং সেই সঙ্গে তাদের তেল সম্পদের বড় একটি অংশের ভাগ চায়।
পূর্বাঞ্চলে স্বায়ত্বশাসন দাবি করা আন্দোলনকারীরা রোববার একটি ছায়া সরকারের ঘোষণা দেয়। আর সেটি অনিবার্যভাবিই দেশটির দুর্বল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে।
