২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার জন্য শর্ত দিল সিরিয়ার বিরোধীরা

সিরিয়া সঙ্কট নিয়ে জেনেভা শান্তি আলোচনার জন্য পূর্বশর্ত বেঁধে দিয়েছে দেশটির বিরোধী জোট ‘দ্য সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2013, 07:02 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

জোটের প্রেসিডেন্ট আহমেদ জারবা বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা ছাড়ার কোনো সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়া না হলে তারা আলোচনায় যোগ দেবে না।

আন্তর্জাতিক দূতরা কোনো শর্ত ছাড়া সিরিয়া শান্তি আলোচনায় বসার আশা করলেও রোববার সিরিয়ার বিরোধীজোটের এ শর্তের কারণে প্রস্তাবিত জেনেভা সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি আরো সংশয়ে পড়ল।

মিশরের রাজধানী কায়রোয় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে জারবা বলেন, “আমরা কোনো মর্যাদা ছাড়া এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সফলভাবে ক্ষমতা হস্তান্তরসহ দখলদার ইরানকে আলোচনা থেকে বাদ না দেয়া পর্যন্ত জেনেভা আলোচনায় যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি”।

সিরিয়া সঙ্কট নিরসনের চেষ্টায় দীর্ঘপ্রতিক্ষীত জেনেভা-২ আলোচনা বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যকার মতানৈক্য, সিরিয়ার বিরোধী পক্ষগুলোর মধ্যকার বিরোধ, প্রেসিডেন্ট আসাদ এবং বিদ্রোহীদের অনড় অবস্থানের কারণে বারবারই পিছিয়ে যাচ্ছে।

তবে সব বাধা-বিপত্তির মধ্যেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তি দূত লাখদার ব্রাহিমি।