পূর্ব লিবীয় আন্দোলনকারীদের সরকার গঠন
লিবিয়ার তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসন আন্দোলনের নেতারা একতরফাভাবে একটি আঞ্চলিক সরকারের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তারা দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চ্যালঞ্জ ছুঁড়ে দিয়েছে।
রোববার পূর্বাঞ্চলীয় ছোট শহর আজদাবিয়ায় মিলিত হয়ে স্বায়ত্ত্বশাসিত সরকারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
আরো বেশি ক্ষমতা ও তেল সম্পদের অংশীদারিত্বের দাবিতে গত গ্রীষ্ম থেকে পূর্বাঞ্চলীয় বেসামরিক বাহিনী ও বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যরা পূর্বাঞ্চলীয় তেল খনি ও বন্দরগুলো অবরোধ করে রেখেছে।
তাদের এ সরকার গঠনের বাস্তব কোনো প্রভাব না থাকলেও ত্রিপোলির সঙ্গে নাজুক হয়ে পড়া সম্পর্ক এতে আরো খারাপ হবে। কারণ পূর্বাঞ্চলের আঞ্চলিক স্বায়ত্ত্বশাসনের দাবি প্রত্যাখ্যান করে আসছে ত্রিপোলি।
২০১১ সালে দেশটির একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে বেসামরিক বাহিনী, সশস্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ও ইসলামি চরমপন্থীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি কেন্দ্রীয় সরকার।
সাইরেনাশিয়া নামে পরিচিত লিবিয়ার পূর্বাঞ্চলের ক্ষেত্রে এ বিষয়টি আরো বেশি সত্য। এখানকার বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, আন্দোলনকারী ও বেসামরিক বাহিনীগুলো ক্ষমতার অংশীদারিত্বের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে চলছে।
আজাদবিয়ার ওই বৈঠকের স্থানটি সাইরেনাশিয়ার পতাকা দিয়ে সাজানো হয়। নব ঘোষিত আঞ্চলিক সরকারের মন্ত্রী হিসেবে ২০ জন নেতা শপথ নেন।
লিবিয়ার বিমান বাহিনী ত্যাগ করা আব্দ রাব্বো আল বারাসি এই নতুন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। স্থানীয় বিভিন্ন বেসামরিক বাহিনী ও নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর নেতারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য তাৎক্ষণিকভাবে লিবিয়ার কেন্দ্রীয় সরকারের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
