সৌদি আরবে কারাগারে দাঙ্গা, আগুন, আহত ৪
সৌদি আরবের আল কাসেম প্রদেশের বুরাইদাহ কারাগারে বন্দিরা দাঙ্গায় জড়িয়ে পড়ার পর কারা অভ্যন্তরে আগুন ধরে যায়। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
শনিবার সাপ্তাহিক ভিজিটিং আওয়ারের সময় এই দাঙ্গা শুরু হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র।
ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রিয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, কর্তৃপক্ষ কারাগারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনেছে এবং দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।
দুই নিরাপত্তারক্ষী ও দুই কারাবন্দি আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু না বলায় প্রকৃতপক্ষে কী ঘটেছে তা অজানাই রয়ে গেছে।
তিনি বলেন, “উদ্বিগ্ন কর্তৃপক্ষ আগুনের কারণ ও তার সঙ্গে যুক্ত দাঙ্গার বিষয়ে তদন্ত শুরু করেছে।”
দাঙ্গার সময় গুলি ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে সৌদি নিউজ ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট এসএবিকিউ ডট অর্গ।
