পিনোচেতের আমলে নির্যাতনের জন্য ক্ষতিপূরণ
চার দশক আগে চিলির সাবেক স্বৈরশাসক আউগস্তো পিনোচেতের আমলে নির্যাতনের জন্য ক্ষতিপূরণের পক্ষে আদালতের রায় পেয়েছেন চিলি থেকে নির্বাসিত এক ব্যক্তি।
পিনোচেতের আমলে মানবাধিকার লংঘনের জন্য জীবিত কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রথমবারের মতো আদালতের এ রায় এসেছে বলে শনিবার বিবিসি জানিয়েছে।
ব্রিটিশ নাগরিক লিওপোল্ডো গার্সিয়া লুসেরো কোস্টারিকাভিত্তিক ইন্টার-আমেরিকান কোর্ট অফ হিউম্যান রাইটসের মাধ্যমে ক্ষতিপূরণ চেয়েছিলেন।
১৯৭৫ সালে তাকে নির্বাসনে পাঠানোর জন্য চিলি রাষ্ট্র দায়ী বলে দাবি করেন গার্সিয়া।
আইনবিদরা মনে করছেন, জেনারেল পিনোচেতের শাসনামলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আরো অনেকের ক্ষেত্রে আদালতের এই রায় প্রযোজ্য হতে পারে।
৮০ বছর বয়সী গার্সিয়া ছিলেন একজন সমাজতান্ত্রিক। রাজনৈতিক মতাদর্শের কারণে ১৯৭৩ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রায় দেড়বছর কারাবন্দি থাকাকালে নির্যাতনে স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান তিনি।
“আমি বেঁচে আছি। কিন্তু বেঁচে থেকেও মরে গেছি বলে আমার মনে হয়,” বলেন গার্সিয়া।
এরপর ১৯৭৫ সালে এক আদেশে তাকে চিলি থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে ব্রিটেনে বসবাস করছেন তিনি।
গার্সিয়া বলেন, তাকে জোর করে নির্বাসনে পাঠানোর জন্য চিলি রাষ্ট্র দায়ী ছিল। তাই ওই রাষ্ট্রের তাকে ক্ষতিপূরণ দেয়া উচিত।
রায়ে ইন্টার-আমেরিকান কোর্ট অফ হিউম্যান রাইটস বলেছে, গার্সিয়ার ঘটনাটি খতিয়ে দেখাতে চিলি ১৬ বছরের বেশি সময় পার করেছে, যাতে তার মানবাধিকার লংঘন হয়েছে।
চিলিকে ‘যথাযথ’ সময়ের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেয়ার পাশাপাশি গার্সিয়াকে ক্ষতিপূরণ দিতে বলেছে আদালত।
পিনোচেত ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চিলি শাসন করেন। এই স্বৈরাশাসকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অর্থ আত্মসাত ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও কোনো প্রকার বিচারের মুখোমুখি না হয়েই ২০০৬ সালের ডিসেম্বরে ৯১ বছর বয়সে মারা যান তিনি।
যুক্তরাষ্ট্র সমর্থিত এক অভ্যুত্থানের মাধ্যমে সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দেকে ক্ষমতাচ্যুত করে চিলির ক্ষমতা দখল করেন পিনোচেত। স্নায়ুযুদ্ধকালীন সময়ের প্রায় পুরো সময় জুড়ে ল্যাতিন আমেরিকার সবচেয়ে দুর্ধর্ষ স্বৈরশাসক হিসেবে পরিচিতি পান তিনি।
ক্ষমতা দখল করেই বামপন্থী এবং বিরোধীদের নিধন ও দমন-পীড়ন শুরু করেন পিনোচেত। তার আমলে রাজনৈতিক সহিংসতায় প্রায় তিন হাজার মানুষকে হত্যা করা হয়, প্রায় ২৮ হাজার মানুষ কারাভোগসহ নানা নির্যাতনের শিকার হন এবং চিলির হাজার হাজার নাগরিক নির্বাসিত জীবনযাপনে বাধ্য হন।
