২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরো গণতান্ত্রিকচর্চার আহ্বান ওবামার

ইরাকে আরো বেশি শুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশটির প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Nov 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

জঙ্গি সংগঠন আল কায়দাকে হটিয়ে দিতে ইরাককে সাহায্য করার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন ওবামা।

আট বছর যুদ্ধ চলার পর দুই বছর আগে যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীকে ইরাক থেকে সরিয়ে নেয়। কিন্তু বর্তমানে ইরাকে আবারো জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গা দানা বাঁধতে শুরু করেছে।

ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সুন্নি বিদ্রোহ পুনরায় মাথা চাড়া দেয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করতে ওয়াশিংটন গেছেন মালিকি। যুক্তরাষ্ট্রের কাছে তাদের নির্মিত অ্যাপাচি হেলিকপ্টার চেয়েছেন তিনি। তবে হোয়াইট হাউজে নুরি মালিকির সঙ্গে বৈঠক করলেও এ ব্যাপারে কিছু বলেননি ওবামা।

যদিও উভয় সরকারের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়, ইরাকের যেসব দুর্গম এলাকায় জঙ্গিদের ঘাঁটি রয়েছে সেসব এলাকায় অভিযান চালানোর জন্য ইরাকের সেনাবাহিনীর জরুরি ভিত্তিতে অতিরিক্ত কিছু যন্ত্রপাতি প্রয়োজন বলে উভয় পক্ষের কূটনৈতিকরা একমত হয়েছেন। তবে সেখানে বিশেষভাবে সামরিক যন্ত্রপাতির প্রয়োজনের কথা বলা হয়নি।

ওবামা বলেন, “শুধু ইরাকে কার্যক্রম চালানো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধেই নয় বরং ওই অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে থাকা জঙ্গি দলকে হটিয়ে দিতে কীভাবে আমরা একসঙ্গে কাজ করবো সে ব্যাপারে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে।“

মালিকি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে কীভাবে জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নেয়া যায় সে ব্যাপারে তিনি এবং ওবামা আলোচনা করেছেন।

বৃহস্পতিবার দু দেশের কূটনীতিকদের মধ্যে আলোচনায় মালিকির বেশ কিছু দুর্বলতাও উঠে এসেছে। বিশেষ করে ইরাকের রাজনীতিতে তার দুর্বল ব্যবস্থাপনার ব্যাপক সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ছয়জন সিনেটর মালিকির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সিনেটরদের যুক্তি শিয়া মুসলিম মালিকি দেশটির সুন্নি, কুর্দি ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে ইরাকের কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে ব্যর্থ হয়েছে। যা জাতিগত নৃশংসতা বৃদ্ধিতে ইন্ধন যুগিয়েছে।

চলতি বছর ইরাকে জাতিগত নৃশংসতায় প্রায় সাত হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।