২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক ও আইএমএফ’র ওপর গোয়েন্দাগিরি নয়: ওবামা

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র গোপনে আড়িপাতার গোয়েন্দা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থার পুনঃপর্যালোচনার অংশ হিসেবে এ নির্দেশ দিয়েছেন ওবামা।

বিষয়টির সঙ্গে যুক্ত ওবামা প্রশাসনের এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

সম্প্রতি এনএসএ’র সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের তথ্যে মিত্রদেশ, পরামর্শক গোষ্ঠী ও নিজ নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক গোয়েন্দাগিরি ও আড়িপেতে গোপনে বিপুল তথ্য সংগ্রহের বিষয়টি ফাঁস হয়ে যায়।

এ নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা ছাড়াও কূটনৈতিক বিপর্যয়ের শিকার হয় দেশটি। ফ্রান্স, জার্মানির মতো ঘনিষ্ঠ মিত্রদেশের নেতাদের ফোনে গোপনে আড়িপাতা নিয়ে সৃষ্ট টানাপোড়েনে বিব্রত যুক্তরাষ্ট্র এনএসএ’র সার্বিক কার্যক্রম পুনঃপর্যালোচনা শুরু করে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক ও আইএমএফ এর ওপর এনএসএ’র নজরদারির বিষয়টি এর আগে অপ্রকাশিত ছিল। এ ধরনের গোয়েন্দা কার্যক্রমের বিস্তারিত সাধারণত খুব গোপনীয় বিষয় হয়ে থাকে।

বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে সাড়া দিয়ে ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর সদরদপ্তরে প্রাযুক্তিক নজরদারি করছে না যুক্তরাষ্ট্র।”

এই দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আগেও এনএসএ’র নজরদারিতে ছিল কিনা তা জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।

গত শেষ কয়েক সপ্তাহের মধ্যে ওবামা এ ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে প্রথমবারের মতো প্রকাশিত ওই সরকারি ভাষ্যে জানা গেছে। এই একই সময়ে জাতিসংঘের সদর দপ্তরেও আড়িপাতা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ওবামা।

বিশ্বব্যাংক ও আইএফএফ, উভয় প্রতিষ্ঠানই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এনএসএ’র প্রতিনিধিরা ও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর পরিচালকের দপ্তরও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।