‘একমাসে ছয়কোটি ফোন কল নজরদারি করেছে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এক মাসে স্পেনের ছয় কোটি ফোন কলের ওপর গোপনে নজরদারি করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা।
সোমবার স্পেনের এল পাইস এবং এল মুন্দো পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ১০ ডিসেম্বর ২০১২ থেকে ৮ জানুয়ারি ২০১৩ পর্যন্ত এনএসএ স্পেনের নাগরিকদের কয়েক মিলিয়ন ফোনকল, ক্ষুদেবার্তা এবং ই-মেইলের ওপর নজর রেখেছে।
যুক্তরাষ্ট্রের পলাতক তথ্যফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা নথির ওপর ভিত্তি করেই তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে বলে বিবিসি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এনএসএ ফোনকারী এবং প্রাপক উভয়ের নম্বর ও অবস্থান সংগ্রহ করেছে। তবে ফোনের বিষয়বস্তু নিয়ে তারা মাথা ঘামায়নি।
তবে এ ব্যাপারে হোয়াইট হাউজ এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছে।
সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিয়েছে। এর আগেই এই খবরটি প্রকাশ পেল। ইউরোপিয়ান সংসদের নাগরিক স্বাধীনতা কমিটি কংগ্রেসের সদস্যদের সঙ্গে তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা করবে।
এদিকে সম্প্রতি জাপানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, জাপানের মধ্য দিয়ে যাওয়া ফাইবার-অপটিক ক্যাবলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেসব ব্যক্তিগত তথ্য আদান প্রদান হয় তা পর্যবেক্ষণে সাহায্য করার জন্য ২০১১ সালে জাপান সরকারকে আহ্বান জানিয়েছিল এনএসএ।
দ্য কিওদো নিউজ এজেন্সির প্রকাশিত ওই খবরে আরো বলা হয়, চীনের ওপর নজরদারির জন্যই যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা করেছিল। কিন্তু আইন লঙ্ঘণ এবং ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু থাকে না বলে জাপান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
