চলে গেলেন রক কিংবদন্তি রিড
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়ক এবং সাবেক ভেলভেট আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য লু রিড মারা গেছেন।
রোববার সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডে নিজ বাড়িতে ৭১ বছর বয়সে রিড মারা যান বলে বিবিসি জানিয়েছে।
রিডের সাহিত্য বিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু উইলি বলেন, “লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন রিড। গত কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন।“
পারফেক্ট ডে এবং ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড এর মতো গানের জন্য ভীষণ জনপ্রিয় ছিলেন রিড। তাকে রক মিউজিকের সবচেয়ে প্রভাবশালী গায়ক ও গীতিকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
রিডের সহযোগী ভেলভেট আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সাবেক সদস্য জন কেলি তার ওয়েব সাইটে লেখেন, “বিশ্ব দারুণ একজন গীতিকার এবং কবিকে হারালো। আর আমি আমার স্কুল জীবনের বন্ধুকে হারালাম।“
অনেক বছর ধরেই রিড অত্যাধিক মদ্যপান এবং নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন। এক পর্যায়ে তার লিভার অকেজ হয়ে পড়লে চলতি বছরের মে মাসের দিকে তিনি লিভার প্রতিস্থাপন করান।
পরে ১ জুন নিজের ওয়েবসাইটে রিড লেখেন, “আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাফল্যের একটি আমি।“
ব্যান্ড হিসেবে ভেলভেট আন্ডারগ্রাউন্ড কখনই বাণিজ্যিক সাফল্য পায়নি। কিন্তু সঙ্গীতে তাদের প্রভাব পরবর্তী কয়েক দশকে ব্যাপকভাবে বিস্তার লাভ করে।
১৯৭০ সালে ভেলভেট আন্ডারগ্রাউন্ড ছেড়ে দেয়ার পর ১৯৭২ সাল থেকে একক গায়ক হিসেবে অভিষেক হয় রিডের।
সত্তর, আশি ও নব্বই এর দশকে দ্য পাংক, গ্লাম এবং অলটারনেটিভ রক মুভমেন্ট রিডের কাছে কৃতজ্ঞ। ওই সময় রিডের গান অনেকেই গেয়েছেন।
সঙ্গীত প্রযোজক ব্রিয়ান এনো রিডের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে বলেন, “ভেলভেট আন্ডারগ্রাউন্ডের প্রথম অ্যালবামটি মাত্র ১০ হাজার কপি বিক্রি হয়েছিল। কিন্তু যারা ওইগুলো কিনেছিল পরবর্তীতে তারা প্রত্যেকে একটি ব্যান্ড গঠন করেছে।“
১৯৯৬ সালে ব্যান্ডটি রক অ্যান্ড রোল এর হল অব ফেমে স্থান পায়।
