নারীদের গাড়িচালনা পরিকল্পনায় ক্ষুব্ধ সৌদি আরব
সৌদি আরবে নারীদের গাড়িচালনার ওপর নিষেধাজ্ঞা ভণ্ডুল করার কোনো প্রচারণায় অংশ নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে শাসিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার মেয়েদের গাড়ি চালনার অধিকার দেয়ার জন্য একটি নতুন প্রচারণা শুরু হওয়ার কথা। নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে মেয়েদের গাড়ি চালনার কথা রয়েছে।
১৯৯০ সালে এরকম প্রতিবাদ শুরু হবার পর এটি হবে এরকমের তৃতীয় দফার ঘটনা। ৯০ সালে বেশ কয়েকজন নারী প্রতিবাদে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিল এবং চাকরি খুইয়েছিল।
সর্বসাম্প্রতিক এক প্রচারণায় বেশ কিছু সংখ্যক নারী সৌদি আরবের বিভিন্ন শহরে গাড়ি চালানোর ভিডিও পোস্ট করে অনলাইনে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল তুর্কি এ ধরনের প্রচারনার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান দিলেও বুধবার দেয়া বিবৃতিতে বিভ্রান্তিতে পড়ে প্রতিবাদের সমর্থক ও বিরোধীরা।
কিন্তু এরপর তুর্কি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। যারা এ নিষেধাজ্ঞা মানবে না এবং যারা তাদেরকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
