ড্রোন হামলা বন্ধে ওবামার প্রতি নওয়াজের আহ্বান
পাকিস্তানে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর এটি দুই দেশের সম্পর্ উন্নয়নের জন্যই প্রয়োজন।
বুধবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সময় নওয়াজ এই আহ্বান জানানোর পাশাপাশি দুই দেশের সম্পর্কের বিষয়েও আলোকপাত করেন।
নওয়াজ বলেন, “আমি আমাদের বৈঠকে ড্রোন হামলার বিষয়টি উপস্থাপন করেছি এবং এই ধরনের হামলা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।“
ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান কৌশলগত দিক থেকে এখনো গুরুত্বপূর্ণ সহযোগী।
কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়েও আলোচনা করেন এই দুই নেতা।
ওবামা ও নওয়াজের আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে কাশ্মিরের বেশ কয়েকটি সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি ও মর্টার শেল ছোড়ার অভিযোগ আনে ভারত।
সংবাদ মাধ্যম জানিয়েছে, এ ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত এবং আরো ছয় জন আহত হয়েছেন।
বৈঠক শেষে যেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ওবামা উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে অবশ্য কাশ্মিরের এই ঘটনার কথা ছিল না। তবে ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে চলা উত্তেজনা কমিয়ে আনার জন্য বিচক্ষণ একটি উপায় অন্বেষণের বিষয়ে আলোচনার’ জন্য নওয়াজ শরিফের প্রশংসা করেছেন ওবামা।
ভারতের বিষয়ে নওয়াজ বলেন, “আমরা ভারতের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাই। সেই সঙ্গে অনিষ্পন্ন হওয়া সব বিষয়ে শন্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করছি। এর মধ্যে কাশ্মিরের বিষয়টিও আছে।“
দুই বছর আগে পাকিস্তান সরকারকে কোনো ধরনের পূর্বাভাস না দিয়ে উত্তর-পূর্ব পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী। বিষয়টি ভালভাবে নেয়নি পাকিস্তান।
এরপর থেকে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কের অবনতি হয়। বৈঠকের পর ওবামা স্বীকার করেন, উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি দু’দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ করে তুলেছে।
“এটি একটি চ্যালেঞ্জ এবং সেটা সহজ নয়। আমরা এক সঙ্গে কাজ করার জন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং নিশ্চিত করতে হবে এটি দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির চাইতে যেন স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে।“
হোয়াইট হাউজের পক্ষ থেকে পরে এক বিবৃতিতে জানানো হয়, “প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে অর্জিত ইতিবাচক মনোভাবের কারণে দুই দেশের নেতাই সন্তোষ প্রকাশ করেছেন।“
