ফরাসিদের ফোনে আড়িপাতার খবর ‘ভুয়া’: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার ৭ কোটিরও বেশি ফরাসি নাগরিকের ফোন কলে আড়িপাতার ‘লা মন্ডে’ পত্রিকার খবর ‘ভুয়া ’বলে অস্বীকার করেছেন।
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার এ পরিচালক বলেন, লা মন্ডে পত্রিকার প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে।
ফরাসি দৈনিক লা মন্ডে পত্রিকা কোটি কোটি ফরাসি নাগরিকের ফোন কলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) আড়িপাতার তথ্য দেয়া ছাড়াও অন্য একটি প্রতিবেদনে জানায়, ফরাসি কূটনীতিকদের ওপরও যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তি করেছে।
দুই প্রতিবেদনই তারা প্রকাশ করে সাবেক মার্কিন সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির ভিত্তিতে।
বিবিসি জানায়, এ ব্যাপারে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ক্ল্যাপার বলেন, “ফ্রান্সের লা মন্ডে পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক নিবন্ধে যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে”।
তিনি বলেন, “এনএসএ’র ৭ কোটিরও বেশি ফরাসি নাগরিকের ফোনে আড়িপাতার অভিযোগটি ভুয়া”।
নজরদারি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবেন না বলে জানান ক্ল্যাপার। তবে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর মতো করেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে বলে তিনি স্বীকার করেন।
