চীন ও ভারতের সীমান্ত প্রতিরক্ষা চুক্তি সই
চীন এবং ভারত সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই করেছে। যার মধ্যে সীমান্তবর্তী নদীগুলোও অন্তর্ভুক্ত।
তবে দুই দেশের ভিসা সংক্রান্ত আলোচনার কোনো সমাধান এখনও পর্যন্ত হয়নি বলে এনডিটিভি জানিয়েছে।
দুই দিনের সফরে মঙ্গলবার বেইজিংয়ে যান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট নয়টি চুক্তি সই হয়েছে।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে কথা বলার পর মনমোহন বলেন, “যখন ভারত এবং চীন হাত মেলায় তখন পুরো বিশ্ব বিষয়টি লক্ষ করে।“
“সীমান্তে শান্তি আমাদের কৌশলগত লক্ষ্যের একটি। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে চীন এবং ভারতের সম্পর্ক অবশ্যই আমাদের পরস্পরের উদ্বেগের উৎস হবে না।“
সীমান্ত চুক্তিতে যে বিষয়গুলো বিস্তারিতভাবে নিশ্চিত করা হয়েছে সেগুলোর অন্যতম হল, “পারস্পরিক এবং সমান নিরাপত্তা নীতি।“
তিনি আরো বলেন, “কোনো পক্ষ তাদের সামরিক সক্ষমতাকে অন্যদের বিরুদ্ধে ব্যবহার করবে না এবং একপক্ষ অন্যপক্ষকে সামরিক শক্তি প্রদর্শনের জন্য আক্রমণ করবে না।“
তবে দুই দেশের ভিসা পক্রিয়া সহজ করার ব্যাপারে কোনো চুক্তি হয়নি।
মনমোহন সিংয়ের চীন সফরের কয়েকদিন আগে ভারতে অবস্থিত চায়না দূতাবাস অরুনাচল প্রদেশের দুইজন অ্যাথলেটকে ‘স্টাপল ভিসা’ দেয়। বিষয়টি ভালোভাবে নেয়নি ভারত।
অরুনাচল প্রদেশের অধিবাসীরা দক্ষিণ তিব্বতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই অজুহাতে চায়না দূতাবাস ‘স্টাপল ভিসা’ দিয়েছে। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।
ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, “এই সিদ্ধান্তটি (স্টাপল ভিসা দেয়ার) খুবই হাস্যকর এবং অবৈধ ছিল। অরুনাচল প্রদেশের কাউকে আমরা আলাদা করে দেখতে পারি না। এরপর আমরা ভিসা সহজ করার বিষয়টি মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছি। মনে হচ্ছে চীন এবার কিছুটা দুশ্চিন্তায় পড়েছে।“
কোনো দেশে যেতে হলে যাত্রীর পাসপোর্টে ভিসা না দিয়ে অন্য কাগজে ভিসা দেয়াকে স্টাপল ভিসা বলে। আর এ ক্ষেত্রে ইমিগ্রেশন কর্মকর্তারা চাইলে যাত্রীর পাসপোর্টে সিল নাও দিতে পারেন।
