২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধীপক্ষকে আলোচনায় ডাকল যুক্তরাজ্য

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, সিরিয়ার সরকারবিরোধী সব পক্ষের জন্যই জেনেভায় আগামী মাসে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দেয়াটা গুরুত্বপূর্ণ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Oct 2013, 07:11 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

লন্ডনে মঙ্গলবার এক বৈঠকের প্রাক্কালে হেগ বলেন, ‘লন্ডন ১১’ জাতি সিরিয়ার বিরোধীপক্ষের হাতকে শক্তিশালী করতে চাইছে এবং সেজন্য তারা জেনেভা-২ বৈঠকের পট প্রস্তুত করেছে।

সিরিয়া সঙ্কট নিরসনের লক্ষে জেনেভা শান্তি আলোচনা নানা বাধার মুখে রয়েছে।

সিরিয়ার সরকারবিরোধী পক্ষগুলোর মধ্যে বিভেদ আছে, বিদ্রোহী দলগুলোর মধ্যেও আছে ভেদাভেদ, প্রেসিডেন্ট বাশার আল আসাদও ক্ষমতা ছাড়তে রাজি নন।

বেশিরভাগ ইসলামিক বিদ্রোহী দল নির্বাসনে থাকা পশ্চিমা সমর্থিত বিরোধী জোটকে সমর্থন করে না।

হেগ বলেন, যে সমস্ত বিরোধী দল আসাদ সরকারের সঙ্গে আলোচনা পছন্দ করে না তাদের জন্য এ বৈঠকে যোগ দেয়া গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “তারা সিরিয়া শান্তি আলোচনায় যোগ না দিলে সিরিয়ার জনগণ হয় আসাদ নয়ত কট্টরপন্থিদের হাতে জিম্মি হয়ে পড়ে থাকবে”।

“সংঘাত যত দীর্ঘ হবে জাতিগত সহিংসতা তত বাড়বে আর চরমপন্থিদের দাপটও বাড়তে থাকবে। সেকারণেই আমরা জেনেভা শান্তি প্রক্রিয়া চালানোর চেষ্টা করছি”।