গুপ্তচরবৃত্তি: মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স
ফ্রান্সের নাগরিকদের ফোনে মার্কিন গোয়েন্দা সংস্থার আড়িপাতার খবরে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে প্যারিস।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস সোমবার একথা জানিয়েছেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্যারিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
লুক্সেমবার্গে ইইউ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন ফ্যাবিউস।
যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে ফ্রান্সের ‘লা মন্ডে’ পত্রিকা ফরাসি নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দাদের আড়িপাতার অভিযোগ করেছে।
এ সম্পর্কিত খবরে দৈনিকটি জানায়, ফ্রান্সের কোটি কোটি নাগরিকের ফোন কলে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরপত্তা সংস্থা (এনএসএ)।
ব্যবসায়িক নানা কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন কর্মকর্তা এবং সন্ত্রাসী সন্দেহে বহু নাগরিকের ওপর চলেছে গোপন এ নজরদারি।
গত বছর ১০ ডিসেম্বর থেকে এ বছর ৮ জানুয়ারি পর্যন্ত মাত্র ৩০ দিনের মধ্যে এনএসএ ৭ কোটি ৩ লাখ নাগরিকের ফোন কলে আড়িপাতে বলে জানায় লা মন্ডে।
পত্রিকাটির এ দাবির প্রেক্ষিতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ইউরোপ-১ বেতারে এক মন্তব্যে বলেন, “কোনো মিত্রদেশ ফ্রান্সের নাগরিকদের ওপর বা ইউরোপের অন্য কোনো দেশের নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করলে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না”।
ফ্রান্সের ভেতরের নাগরিকদের একে অপরের সঙ্গে যোগাযোগ ছাড়াও ফ্রান্সের সঙ্গে অন্যান্য দেশের যোগাযোগের ওপরও নজরদারি চলেছে। বছরের পর বছর ধরে ই মেইল, টেক্সট মেসেজ, টেলিফোন ও ইন্টারনেট ব্রাউজিং রেকর্ড জমা করা হয়েছে বলেও জানানো হয় পত্রিকাটির খবরে।
তবে ইউএস-৯৮৫ডি’ সাংকেতিক নামের এ কর্মসূচি এখনো চলছে কিনা সে ব্যাপারে পত্রিকাটি কিছু জানায়নি।
সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউরোপ সফরের শুরুতেই প্যারিসে গেছেন। এ সময়টিতে ফরাসি নাগরিকদের ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার অভিযোগে দেশদুটির মধ্যে কূটনৈতিক বিরোধ দেখা দেয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
