মালদ্বীপের প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত : নাশিদ
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদসহ ক্ষমতাসীন নেতাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন নাশিদ। কিন্তু ২০১২ সালে পুলিশ, সেনাবাহিনী ও সশস্ত্র বিক্ষোভকারীদের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন।
এরপর ক্ষমতা গ্রহণ করেছিলেন তারই ভাইস প্রেসিডেন্ট ওয়াহেদ।
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন নাশিদ। আর বর্তমান প্রেসিডেন্ট ওয়াহেদ পান মাত্র ৫ শতাংশ ভোট।
এরপর প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন ওয়াহেদ।
পরবর্তী সময়ে কারচুপির অভিযোগে ওই নির্বাচন বাতিল করে দেশটির সর্বোচ্চ আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী গত শনিবার আবার ভোট গ্রহণের দিন ধার্য করা হলেও পুলিশি বাধার মুখে তা স্থগিত করতে বাধ্য হয় দেশটির নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে ওয়াহেদ না থাকলেও অন্য দুজন প্রার্থী নাশিদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনেও জয় পেয়ে নাশিদ ক্ষমতায় ফিরে আসতেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
কিন্তু প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী ভোটার তালিকা অনুমোদন না করে নির্বাচন পেছানোর দাবি করায় সরকারি নির্দেশে ভোট গ্রহণে বাধা দেয় পুলিশ।
নাশিদ বলেছেন, প্রেসিডেন্ট পদে ওয়াহেদ, প্রতিরক্ষামন্ত্রীর পদে মোহাম্মদ নাজিম ও পুলিশ কমিশনার পদে আব্দুল্লাহ রিয়াজ থাকলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই এসব নেতাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী ২ নভেম্বর নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ওয়াহেদ। পাশাপাশি ক্ষমতার মেয়াদ শেষ করার ঘোষণাও দিয়েছেন তিনি।
১১ নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে ওয়াহেদের মেয়াদ শেষ হবে।
