২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাহারে মানুষ মরছে সিরিয়ায়

দামেস্কের উপকণ্ঠে যেসব এলাকায় সরকারবিরোধী বিদ্রোহ হয়েছে সেসব এলাকার বিপন্ন জনসাধারণের সাহায্যে দ্রুত সাহায্যকারী সংস্থাগুলোকে প্রবেশ করতে দেয়ার জন্য সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, সেনাবাহিনী ওসব এলাকা মাসব্যাপী অবরুদ্ধ করে রাখায় সেখানকার জনগণের খাদ্য, পানি এবং ওষুধের মতো মৌলিক চাহিদাগুলো পূরণে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।

‘প্রাথমিকভাবে প্রকাশিত’ একটি প্রতিবেদনের ভিত্তিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অনাহারে শিশুরা মারা যাচ্ছে।

রাজধানী দামেস্কের অন্ততপক্ষে তিনটি উপশহর- ইয়ারমুক, গৌতার পূর্বাঞ্চল এবং মৌধামিয়াহ গত কয়েক মাস ধরে সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে আছে বলে বিবিসি জানিয়েছে।

এ সপ্তাহের শুরুতে এক ধর্মীয় নেতা এ বিধান জারি করেন যে, জীবন বাঁচাতে ওইসব এলাকার মানুষ বিড়াল, কুকুর এবং গাধার মতো প্রাণী খেতে পারবে। এ থেকেই বোঝা যায়, ওই এলাকার পরিস্থিতি কতটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ওই সব প্রাণীগুলোর মাংস খাওয়ার বিধান নেই।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, “সাহায্যকারী সংস্থাগুলোকে দ্রুত প্রবেশের অনুমতি দেয়ার জন্য আমরা সিরিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।“

তিনি সতর্ক করে দিয়ে আরো বলেন, “দামেস্কের উপশহর এবং পুরো সিরিয়াজুড়ে নৃশংসতা চালানোর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।“

মৌধামিয়াহর বিপন্ন জনগণ সম্পর্কে সাকি বলেন, “সেখানকার জনগণ প্রায় এক বছর ধরে তাদের ন্যুনতম মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। এছাড়া সেখানকার হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীর উপকরণ সরবরাহ প্রতিনিয়ত সরকারী কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হচ্ছে, যা মেনে নেয়া যায় না।“

বিবিসি থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইয়ারমৌকের পরিবারগুলো পর্যাপ্ত খাবারের জন্য সংগ্রাম করছে।

সেখানে দেখা যায় ১১ বছর বয়সী একটি বালক যে তার অনেক বন্ধুকে মরতে দেখেছে সে বলছে, “যদি সরকার রাসায়নিক অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালাতে চায় তবে তারা এটা করুক। এটা নিয়ে আমরা একদমই ভাবছি না। কিন্তু তারা কি সেটার সঙ্গে রুটির সুবাস জুড়ে দিতে পারবে যাতে আমরা খুশি হয়ে মরতে পারি।“