মিশরজুড়ে মুরসি সমর্থকদের মিছিল, সিনাইয়ে পুলিশ নিহত
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হাজার হাজার সমর্থক সেনাবাহিনী ও সেনা সমর্থিত অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সেনা প্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসি’র বিরুদ্ধে স্লোগান দেয়।
শুক্রবার জুমার নামাজের পর মিশরজুড়েই বিক্ষোভ হয়।
গত ৩ জুলাই মিশরের ইতিহাসের প্রথম অবাধ নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এক বছর ক্ষমতায় থাকার পর কয়েদিনের রক্তক্ষয়ী সরকারবিরোধী বিক্ষোভের পর মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়।
মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, কায়রোর দক্ষিণে ফেইওআমে কয়েক হাজার মুরসি সমর্থক বিক্ষোভ করার সময় গুলিতে একজন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নীল অববাহিকার শহর জাগাজিগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মুরসি সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়া ও বুহাইরা প্রদেশে কয়েকশ’ মুরসি সমর্থক বিক্ষোভ প্রদর্শন করেছে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাসূত্রগুলো জানিয়েছে।
কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা সত্বেও দেশজুড়ে বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ ছিল।
এরআগে, ৬ অক্টোবর মুরসির সমর্থক ব্রাদারহুড সদস্যদের বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বহু মুরসি সমর্থক নিহত হয়েছিল।
ক্ষমতাচ্যুতির পর থেকে সেনা হেফাজতে বন্দি মুরসিকে হত্যাকাণ্ডসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারের মুখোমুখি করা হয়েছে।
এদিকে, একই দিনে মিশরের অস্থিরতাকবলিত সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলীয় শহর আল আরিসে বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
