২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে পুলিশি বাধা

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে বাধা দিচ্ছে পুলিশ। দেশটির নির্বাচন কমিশনের কার্যালয় ঘিরে রেখেছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 11:23 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্বঘোষিত পরিকল্পনানুযায়ী শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। শেষ মুহূর্তের ঘোষণায় নির্বাচন কমিশনও শনিবার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছিল।

কিন্তু পুলিশ নির্বাচন কমিশন দপ্তরে প্রবেশ করে নির্বাচন সামগ্রী বিতরণ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ফুয়াদ তৌফিক।

ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দুজন প্রার্থী ভোট গ্রহণ পেছানোর দাবি জানিয়েছিলেন।

গত সপ্তাহে নির্বাচনে অনিয়মের অভিযোগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচন বাতিল করে দেশটির সর্বোচ্চ আদালত।

ওই নির্বাচনে প্রধান বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদ ৪৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছিলেন। নির্বাচনে এই ভরাডুবির পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ওয়াহেদ।

বর্তমানে দুজন প্রার্থী নাশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন গাসিম ইব্রাহিম ও আবদুল্লাহ ইয়ামিন। এরা দুজনেই ভোটার তালিকার ব্যাপারে আপত্তি জানিয়েছেন।

শনিবার দিনের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার তৌফিক ঘোষণা করেছিলেন, “সর্বোচ্চ আদালতের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোথাও কোথাও ভোট গ্রহণ শুরু হতে দেরী হতে পারে, কিন্তু সবার ভোট দেয়ার সুবিধার্থে সময় বাড়িয়ে দেয়া হবে।”

তৌফিকের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনে পুলিশ হাজির হয়ে নির্বাচন বন্ধের ঘোষণা দিতে বাধ্য করে।

আন্তর্জাতিক পর্যবেক্ষরা প্রথম পর্বের নির্বাচন অনুষ্ঠানের প্রশংসা করেছিল, আর সেই নির্বাচন বাতিলে সর্বোচ্চ আদালতের নির্দেশের নিন্দা জানিয়েছিল নাশিদের সমর্থকরা।

২০০৮ সালে মালদ্বীপের প্রথম অবাধ নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাশিদ। কিন্তু ২০১২ সালে সহিংস বিক্ষোভ ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বিদ্রোহের মুখে পদত্যাগ করেন তিনি।