২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদের সদস্য পদ নেবে না সৌদি আরব

জাতিসংঘ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না অভিযোগ এনে সংস্থাটির নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 11:22 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আগে জাতিসংঘে সংস্কার আনতে হবে।

“নিরাপত্তা পরিষদের কর্মপদ্ধতি এবং সেখানে দ্বৈতনীতির প্রতিফলন একে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যথাযথ দায়িত্ব পালন থেকে বিরত রাখছে।”

বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য দেশের একটি হিসেবে সৌদি আরব নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের মিত্র এ দেশটি।

দুই বছরের জন্য নির্বাচিত অস্থায়ী সদস্য দেশগুলোর ভেটো ক্ষমতা না থাকলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশের সঙ্গে মিলে তারা নীতি নির্ধারণীতে ভূমিকা রাখে।

এ বছর সৌদি আরবের সঙ্গে চাঁদ, নাইজেরিয়া, লিথুনিয়া ও চিলি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।

নিরাপত্তা পরিষদের সদস্য পদ প্রত্যাখ্যানের কারণ হিসেবে সৌদি আরব বলছে, সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি নিরাপত্তা পরিষদ।

এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছিল সেখানে বিদ্রোহীদের সমর্থন দেয়া মধ্যপ্রাচ্যের এ দেশটি।

সৌদি আরবের ঘোষণা নিয়ে জাতিসংঘ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিকরা।

সৌদি আরবের এ সিদ্ধান্তকে ‘সন্দেহজনক’ অভিহিত করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের যে সমালোচনা সৌদি আরব করেছে তা ‘বিস্ময়কর’।