২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক ধর্মঘটে অচল যুক্তরাজ্যের ২৬০০ স্কুল

বেতন ও কাজের পরিবেশের উন্নতির দাবিতে শিক্ষক ধর্মঘটের কারণে যুক্তরাজ্যের ২৬০০ স্কুলে বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 01:45 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

ব্রিটেনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ইউনিয়ন নেতারা এই ধর্মঘটকে ‘অসাধারণ সাফল্য’ অভিহিত করে বলেছেন, লন্ডনসহ দেশের চারটি অঞ্চলের ৮০ শতাংশ স্কুল তাদের এই কর্মসূচিতে সাড়া দিয়েছে।

প্রস্তাবিত অবসরভাতার পরিবর্তন এবং জাতীয় বেতন কাঠামোর পরিবর্তে প্রতিটি স্কুলের জন্য পারফর্মেন্সের ভিত্তিতে বেতন-ভাতা ঠিক করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে- মূলত তার প্রতিবাদেই শিক্ষকদের এই আন্দোলন।

এ আন্দোলনের পেছনে মূল সংগঠন এনইউটি’র সাধারণ সম্পাদক ক্রিস্টিন ব্লোয়ার বলেন, “আমরা একটা বিষয় খুব ভালো করে জানি যে, বাবা-মায়েরা তাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে আন্তরিক। দুর্ভাগ্যজনকভাবে সরকার আমাদের বেতন নিয়ে বিতর্ক, অবসরভাতা এবং কাজেরচাপ নিয়ে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয়। ফলে আমাদের সামনে খুব বেশি পথ খোলা নেই।”

এনএএসইউডব্লিউটি ইউনিয়নও এই আন্দোলনে যোগ দিয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্দোলনকারীরা ২৭ শতাংশ স্কুল জোর করে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ৯ হাজার ৭৫৫টি প্রাথমিক ও ২ হাজার ৬৩৩টি মাধ্যমিক স্কুল।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “এনইউটি এবং এনএএসইউডব্লিউটি জনগণের মধ্যে ভাঙ্গন সৃষ্টির চেষ্টা করছে।”

শুক্রবার বড় আকারে এই ধর্মঘট শুরু হলেও কিছু এলাকায় গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকরা। এছাড়া বড়দিনের আগে আরো একদিন জাতীয় পর্যায়ে ক্লাস বন্ধ রাখার পরিকল্পনা করছে আন্দোলনরত দুটি ইউনিয়ন।