মিয়ানমারের হোটেলে বিস্ফোরণ
মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি অভিজাত হোটেলে বোমা বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন।
হোটেল কর্তৃপক্ষ জানান, সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর নবম তলার ওই কক্ষটি ধ্বংসস্তুপে পরিণত হয়। কক্ষের জানালার কাঁচ ভেঙ্গে পাশের রাস্তায় ছড়িয়ে পড়ে বলে বিবিসি জানায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রায়েম রোমার বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “এর শব্দটা ভয়াবহ বিস্ফোরণের মতো মনে হয়েছিলো। কি হয়েছে জানতে আমি দৌড়ে লবিতে যাই এবং দেখতে পাই বিছানার চাদরে মোড়ানো একজন আহত নারী যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার পুরো শরীর রক্তে ভেজা ছিলো।”
আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার ফিলিপ কুভারাস।
স্থানীয় কর্তৃপক্ষ যারা বিষয়টি তদন্ত করে দেখছেন তাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষও কাজ করছে বলে জানান তিনি।
পুলিশের লেফটেনেন্ট ক্যাপ্টেন হান উইন সো জানান, “আহত অতিথির আগে হোটেলের ওই কক্ষে কে ছিলেন আমরা সেটা খতিয়ে দেখছি।”
শুক্রবার থেকে মিয়ানমারের বেশ কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই সিরিজবোমা হামলা নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।
শুক্রবার তাউনগো শহরে একটি গেস্টহাউজে বোমা হামলায় দুইজন নিহত এবং একজন আহত হন।
শনিবার ইয়াঙ্গুনের একটি বাসস্ট্যান্ডের কাছে একটি (কেউ আহত হয়নি) এবং অন্য একটি স্থানে আরেকটি (দুই বালক সামান্য আহত হয়েছে) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া সোমবার ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্টের কাছে অবিস্ফোরিত অবস্থায় একটি বোমা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
তবে এইসব হামলার জন্য কারা দায়ী সেটা এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি।
কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের পর গত দুই বছর ধরে আপাতদৃষ্টিতে অসামরিক একটি নতুন সরকার মিয়ানমারের শাসন ভার গ্রহণ করেছে। দেশটির ওপর থেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ অন্যদের নিষেধাজ্ঞা তুলে নেয়া বা সহজ করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
এছাড়া মিয়ানমার আসিয়ানের (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স) নতুন সভাপতি হওয়ার চেষ্টা করছে।
মিয়ানমার সরকারের মুখপাত্র ইয়া তুত বলেন, “জনগণকে ভীত এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে এবং মিয়ানমারের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক সৃষ্টি করেতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এরজন্য এমন একটি সময় বেছে নেয়া হয়েছে যখন মিয়ানমার আসিয়ানের প্রধানের পদে বসতে যাচ্ছে।”
