২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোয় অভিবাসীবিরোধী দাঙ্গা

ইয়েগর শাখারবাকভ নামের ২৫ বছরের এক রুশ তরুণের হত্যাকাণ্ডের জেরে রাশিয়ার রাজধানী মস্কোতে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় অভিবাসীবিরোধী দাঙ্গা হয়েছে। শাখারবাকভকে ককেশীয় এক লোক হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Oct 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

ওই হত্যাকাণ্ডের ঘটনায় বিষয়ে আরো বেশি পুলিশি তৎপরতার দাবিতে রোববার মস্কোর বিরয়ুলিয়োভো এলাকায় বিক্ষোভে করে কয়েকশত স্থানীয় বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে এই বিরয়ুলিয়োভোতেই এক বান্ধবীসহ বাড়ির পথে যাওয়ার সময় শাখারবাকভকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের সুবিচার দাবি করে প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের এক পর্যায়ে একদল তরুণ একটি বিপণীবিতানে ভাংচুর শুরু করে। অল্পক্ষণের মধ্যেই বিপণীবিতানটিতে আগুন ধরিয়ে দেয় তারা। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে এ সময় তাদের “হোয়াইট পাওয়ার!” বলে স্লোগান দিয়ে এগিয়ে যেতে দেখা যায়।

দাঙ্গাকারীরা দোকানপাটের জানালা ভাংচুর করে, একটি গুদামঘর তছনছ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদের কেউ কেউ বর্ণবাদী স্লোগানও দেয়। অভিবাসীরা কাজ করে এমন এলাকার দোকানপাট ও প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব চালায় তারা।

দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের আটক করার চেষ্টা করলে তারা পুলিশের দিকে কাঁচের বোতল ছুঁড়ে মারে। পুলিশ জবাবে লাঠি পেটা করে। ভিডিও ফুটেজে উল্টানো গাড়ি ও তছনছ করা ফলের দোকান দেখা গেছে।

এ সময় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে কয়েক হাজারে দাঁড়ায়। তারা ককেশীয় ও মধ্য এশীয় লোকজন কাজ করে এমন দোকানগুলোতে হামলা চালায়।

এ ঘটনায় তাদের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। দাঙ্গা ও ভাংচুরের অভিযোগে প্রায় ৩শ’ ৮০ জনকে আটক করে একটি ফৌজদারী মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিরয়ুলিয়োভো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল বলে জানা গেছে।