সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগের পশ্চিমা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এ ধরনের ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে নেয়ার অনুমতি দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী।
ইরানের বিতর্কিত নিউক্লিয়ার প্রকল্প নিয়ে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতাকারী পশ্চিমা প্রতিনিধিরা ইরানের ইউরেনিয়াম উৎপাদন ও এর নিউক্লিয়ার অস্ত্র তৈরির উপযোগী ২০ শতাংশ সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানিয়ে বলেছিল, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের একটা অংশ বিদেশে পাঠিয়ে দিক।
মজুদের একটা অংশ বিদেশে পাঠিয়ে দেয়ার দাবিটি পশ্চিমাদের অন্যতম প্রধান দাবি ছিল বলে বিবিসি জানিয়েছে।
কিন্তু রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “ওই পদার্থ বিদেশে পাঠানো আমাদের সীমার বাইরের বিষয়।”
ইরানের নিউক্লিয়ার ইস্যু নিয়ে ১৫ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। এর ঠিক আগে পশ্চিমাদের প্রধান একটি দাবি ইরান প্রত্যাখ্যান করল।
ইরানের সবচেয়ে উচ্চ পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দো নিউক্লিয়ার প্রকল্পও বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছে পশ্চিমা শক্তিগুলো।
কিন্তু ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরাকচি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাদ দেয়া নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না।
তিনি বলেন, “কোনো পরিস্থিতিতেই আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ বা এ বিষয়ে আত্মসমর্পণ করবো না। এমনকি এক গ্রাম ইউরেনিয়ামও আমরা দেশের বাইরে যেতে অনুমতি দেবো না।”
তিনি জানান, তেহরান ইউরেনিয়ামের উৎপাদন, পরিমাণ ও এর সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা করবে।
হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নিউক্লিয়ার ইস্যু নিয়ে এটাই হবে ইরানের সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রথম বৈঠক।
এই বৈঠককে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, “কূটনীতির জানালা আবার খুলছে। তবে আমি আপনাকে জানাতে চাই আমাদের চোখও খোলা আছে। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে।”
