জেলের বাইরে থাকার মেয়াদ বাড়ল সঞ্জয়ের
আরো ১৪ দিন জেলের বাইরে থাকার অনুমতি পেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
এরআগে চিকিৎসাজনিত কারণে ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিনি জেলের বাইরে থাকার অনুমতি পেয়েছিলেন।
১৫ অক্টোবর তার কারাগারে ফিরে যাওয়ার কথা ছিল বলে এনডিটিভি জানিয়েছে।
১৯৯৩ সালে মুম্বাইয়ে হামলাকারী সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় মার্চে ভারতের সর্বোচ্চ আদালত সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেয়।
পুনের ইয়ারেওয়াদা কারাগারে তিনি তার সাজা ভোগ করছেন।
১ অক্টোবরে ছাড়া পাওয়ার পর সঞ্জয় সাংবাদিকদের বলেছিলেন, “আমি একজন আইনমান্যকারী নাগরিক। আমি এই সময়টা আমার পরিবারের সঙ্গে শান্তিতে কাটাতে চাই।”
সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি বেআইনীভাবে একটি স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি পিস্তল নিজের কাছে রেখেছিলেন যেগুলো তিনি মুম্বাই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে পেয়েছেন।
এর আগে অবশ্য তিনি সন্ত্রাসী এবং দুর্নীতির আরো মারাত্মক অভিযোগ থেকে মুক্তি পান।
মামলার অভিযোগের শুনানি চলাকালে সঞ্জয় ১৮ মাস কারাবন্দী ছিলেন। পরে ২০০৭ সালে তিনি জামিনে মুক্ত হন। তার পাঁচ বছরের কারাদণ্ডাদেশের মেয়াদ থেকে ওই ১৮ মাস বাদ যাবে।
