২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ফিরলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

মস্তিস্কে অস্ত্রোপচারের পর পাঁচ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

ক্রিস্টিনা বুয়েন্স আইরিসের ফাভালোরো ফাউন্ডেশন হাসপাতাল ছাড়ার কিছুক্ষণ পর তার মুখপাত্র আলফ্রেদো স্কোকিমারো সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট অনেকটাই সুস্থ আছেন এবং ক্রমাগত আরো সেরে উঠছেন। তিনি সবাইকে তার ভালবাসা জানিয়েছেন।”

ক্রিস্টিনার মেডিকেল রিপোর্টে বলা হয়, অস্ত্রোপচারের পর প্রেসিডেন্টের শারীরিক অবস্থা অনুকূলে থাকায় আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

৬০ বছর বয়সী ক্রিস্টিনা অগাস্টে মাথায় আঘাত পেয়েছিলেন। দুই সপ্তাহ আগে অন্য কারণে চিকিৎসকের কাছে যাওয়ার পর তার মস্তিস্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে বলে বিবিসি জানায়।

এরপর ক্রিস্টিনা তার বাম বাহুর কার্যক্ষমতা হারাতে শুরু করলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। জরুরি এই অস্ত্রোপচারের কারণে দেশটির পার্লামেন্ট নির্বাচনের প্রচারাভিযানে আপাতত অংশ নিতে পারছেন না তিনি।

চিকিৎসকরা তাকে ৩০ দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে আগামী মাস পর্যন্ত তাকে বিমান ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

তবে প্রেসিডেন্ট কবে কাজে ফিরতে পারবেন সেটা এখনো অনিশ্চিত। ভাইস-প্রেসিডেন্ট আমাদো বোউদোউ বর্তমানে ক্রিস্টিনার দায়িত্ব পালন করছেন।

ক্রিস্টিনা ২০০৭ সালে প্রথম মেয়াদে এবং ২০১১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০১০ সালে ক্রিস্টিনার স্বামী সাবেক প্রেসিডেন্ট নেস্তোর কির্চনার মারা যাওয়ার পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তিনি নিম্ন রক্তচাপে ভুগছেন এবং ২০১২ সালে থাইরয়েড গ্রন্থিতে অস্ত্রোপচার করিয়েছেন।