২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছে: বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় বাজেট সঙ্কট ও ঋণসীমা নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের মধ্যে অচলাবস্থা চলতে থাকায় দেশটি ‘অত্যন্ত বিপজ্জনক মুহূর্তের’ দিকে এগুচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংক প্রধান জিম ইয়ং কিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 07:27 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

এনডিটিভি জানায়, ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক বৈঠকে ইয়ং কিম বলেন, “আমরা বিপজ্জনক মুহূর্ত থেকে আর মাত্র পাঁচ দিন দূরে আছি”।

আগামী ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের বাজেটের সব নগদ অর্থ শেষ হয়ে যাবে। দেশটির প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা এ সময়ের পর কঠিন হয়ে পড়বে। বেড়ে যাবে সুদের হার, কমে যাবে প্রবৃদ্ধি।

ফলে এর আগেই বাজেট পাস এবং ঋণসীমা বাড়ানো নিয়ে দু’দলের মধ্যে সমঝোতা না হলে অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয় ঘটবে। এর প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোতেও।

প্রেসিডেন্ট বারাক ওবামা চান বাজেটে ঋণসীমা ১৬.৭ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে আর রিপাবলিকানরা চায় ওবামার স্বাস্থ্য প্রকল্প বাতিল করতে। এ নিয়ে দেশটিতে অক্টোবরের শুরু থেকে মারাত্মক রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা চলছে। অর্থের অভাবে ইতোমধ্যেই সরকারের বহু সেবাখাত বন্ধ হয়ে গেছে।

কিম বলেন, “সময়সীমা যত কাছে এগিয়ে আসবে এর প্রভাবটাও পড়বে তত বেশি।”

আর তাই বিপজ্জনক পরিস্থিতি এড়াতে কিম নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সব অর্থ শেষ হওয়ার আগেই দ্রুত একটি সমঝোতায় পৌঁছান।