ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৪
ইরাকের সামারা শহরে সারিবদ্ধ দোকানের সামনের রাস্তায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩১ জন।
প্রধানত সুন্নি অধ্যুষিত সামারার আল-শুরতা এলাকায় এই হামলাটি চালানো হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৪৫ বছর বয়সী শিক্ষক কামাল মাহমুদ বলেন, “আমি কাছের একটি দোকান থেকে বাচ্চাদের জন্য মিষ্টি কিনতে গাড়িটি থামিয়েছি, তখনই হঠাৎ বড় একটি বিস্ফোরণে ওই এলাকাটি কেপে ওঠে।“
“বিস্ফোরণের প্রচণ্ড উত্তাপ আমার মুখে লাগে এবং আমি দুজন নারীর দেহ রাস্তার মাঝখানে ছিটকে পড়তে দেখি। তাদের একজনের পা উড়ে গেছে ও দুজনেরই পুরো শরীর রক্তে ভেসে গেছে,” বলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
তবে ইসলামপন্থী সুন্নি জঙ্গি দলসহ অন্যান্য জঙ্গি দল যাদের মধ্যে আল-কায়দার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠিও রয়েছে সাধারণত এ ধরনের হামলা চালিয়ে থাকে।
২০০৬-০৭ সালে ইরাক জুড়ে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গার পর চলতি বছরের মতো এতো প্রাণহানির ঘটনা আর ঘটেনি। চলতি বছর ইরাক জুড়ে বিভিন্ন রক্তক্ষয়ী হামলায় এ পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
