২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট থেকে মুক্তির পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের বাজেট অনুমোদিত না হওয়ায় সরকারি বিভিন্ন কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থার মধ্যে ঋণ সঙ্কট এড়াতে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কংগ্রেসের রিপাবলিকান নেতাদের জরুরি বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Oct 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

তবে যুক্তরাষ্ট্রের ঋণসীমা বৃদ্ধি ও সরকারি অচলাবস্থা কাটাতে একটি স্বল্প মেয়াদি চুক্তির বিষয়ে দুপক্ষ সম্মত হলেও চুক্তির মেয়াদ ও শর্ত নিয়ে তারা এখনও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি।

শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র দরকষাকষি চলছিল।

প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবিত স্বাস্থ্যবীমা বিল নিয়ে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে দ্বন্দ্ব সরকারে অচলাবস্থার সূত্রপাত ঘটায়। ওই বিলসম্বলিত নতুন অর্থবছরের বাজেট ডেমক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেটের অনুমোদন পেলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ তা আটকে দেয়।

নতুন বাজেট অনুমোদিত না হওয়ায় অর্থ সঙ্কটে ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকারে আংশিক অচলাবস্থা তৈরি হয়। গত ১০ দিন ধরে চলা এ সঙ্কটকালে যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। বেতন দিতে না পারায় কাজ বন্ধ রেখে লাখ লাখ সরকারি কর্মচারীকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

ফেডারেল সরকারের অধীনে পরিচালিত জাতীয় জাদুঘর, স্ট্যাচু অব লিবার্টি পার্কসহ দেশের সবগুলো ন্যাশনাল পার্ক ও নাসার মতো মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

এ অচলাবস্থার মুখে ঋণসীমা বাড়ানোর বিষয়টি আরো বড় সঙ্কট হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী ১৭ অক্টোবরের আগে ঋণসীমা বাড়ানো না গেলে যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হয়ে যাবে। সব ধরনের বিল পরিশোধ করতে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র সরকার। অন্যান্য বিলসহ প্রতি সপ্তাহে দেয় ৩ কোটি বিল পরিশোধে ব্যর্থ হবে দেশটির অর্থমন্ত্রণালয়।

এতে “মারাত্মক বিপর্যয়”দেখা দেবে বলে সতর্ক করেছে সিনেটের ফাইন্যান্স কমিটি।

পরিস্থিতি মোকাবিলায় বৈঠকে অংশ নেয়া দুপক্ষকেই আন্তরিক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ডেমক্রেট ও রিপাবলিকান, উভয়পক্ষের প্রতিনিধিরাও এই বৈঠকে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে দৃঢ় আশা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের লাখ লাখ কর্মীকে কাজে ফিরিয়ে আনা ও সরকারের ঋণ গ্রহণের সীমা ১৭ অক্টোবর থেকে আরো বাড়ানো নিয়ে দুপক্ষের তীব্র দরকষাকষির মধ্যেই সিনেটের রিপাবলিকান সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ওবামা এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদলীয় স্পিকার জন বোহেনারের সঙ্গে ফোনে কথা বলেছেন।

কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে ও চলছে তা জানাতে উভয়পক্ষ অস্বীকার করেছে। ফলে আলোচনায় কতটুকু অগ্রগতি হয়েছে তা বাইরে থেকে অনুমান করা যাচ্ছে না।

তবে ঋণসীমা এড়ানোর সম্ভাবনা নিয়ে উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে। ১৭ তারিখের আগেই একটি চুক্তিতে পৌঁছতে আইনপ্রণেতারা ছুটির দিনেও কাজ করে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হলে বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা এক মাসের বেশি সময় ধরে চললে শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি বড় ধরনের মন্দার কবলে পড়বে বলে সতর্ক করেছেন এক অর্থনীতি বিশ্লেষক।

ঋণ গ্রহণের সীমা ছয় সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছিল রিপাবলিকানরা। কিন্তু ওবামা আরো দীর্ঘ সময় বাড়ানোর পক্ষপাতী। অপরদিকে ঘাটতি হ্রাসের আওতা বাড়ানোর বিষয়ে হোয়াইট হাউসের প্রতিশ্রুতি চায় রিপাবলিকানরা।

এসব অচলাবস্থা ও ঋণ খেলাপি হওয়া ঠেকাতে শুক্রবারের মধ্যেই একটি চুক্তিতে উপনীত হওয়া যাবে বলে এর আগে জানিয়ে ছিলেন জ্যেষ্ঠ এক রিপাবলিকান নেতা।

জরিপে দেখা গেছে, সরকারের অচলাবস্থার জন্য রিপাবলিকানদেরই দায়ী মনে করছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। এতে আসছে ২০১৪ সালের কংগ্রেস নির্বাচনে জনসর্মথন হারানোর শঙ্কা তৈরি হয়েছে রিপাবলিকান নেতাদের মধ্যে।

রিপাবলিকান সমর্থক ব্যবসায়ীরাও অবচলাবস্থা নিরসনে দলটির ওপর চাপ সৃষ্টি করছে। কারণ সরকারি অচলাবস্থার প্রভাব বেসরকারী খাতের ওপরও পড়া শুরু হয়েছে।