রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক পেল শান্তির নোবেল
রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টার স্বীকৃতি হিসাবে এ বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে আন্তর্জাতিক সংস্থা 'অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)।
এ সংস্থাই সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংসের বিষয়টি পর্যবেক্ষণ ও তদারক করছে।
নোবেল শাস্তি পুরস্কারের জন্য এ বছর রেকর্ড ২৩৯টি নামের মনোনয়ন পেয়েছিল নরওয়ের নোবেল কমিটি। তার মধ্যে পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই, কঙ্গো প্রজাতন্ত্রের চিকিৎসক ডেনিস মুকউইয়েগ ও তথ্য ফাঁসের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক মার্কিন সেনা সদস্য ব্র্যাডলি ম্যানিংকে নিয়ে আলোচনাও ছিল।
তবে শেষ পর্যন্ত নোবেল কমিটি শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে বলেছে, এর মধ্য দিয়ে রাসায়নিক অস্ত্র ধ্বংসে ওপিসিডব্লিউর অবদানের প্রতি সম্মান জানালো তারা।
রাসায়নিক অস্ত্রনিরোধ সনদকে কার্যকর করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে ওপিসিডব্লিউ। বর্তমানে ১৮৯টি দেশ এ সংস্থার সদস্য।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক ওপিসিডব্লিউর তত্ত্বাবধানে বিশ্বের প্রায় ৮০ শতাংশ রাসায়নিক অস্ত্রের মজুদ ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।
ওপিসিডব্লিউ জাতিসংঘের সংস্থা না হলেও নীতিগত বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে এ দুই প্রতিষ্ঠানের। কোনো দেশে রাসায়নিক অস্ত্রের বিষযে পরিদর্শন বা পর্যবেক্ষণের প্রয়োজন হলে জাতিসংঘ ওপিসিডব্লিউর সহায়তা নেয়। এ বিষয়ে ২০০০ সালে একটি চুক্তিও করে দুই সংস্থা।
নোবেল কমিটির বিবৃতি বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধর সময় একটি উল্লেখযোগ্য মাত্রায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়।১৯২৫ সালে জেনেভা সনদের মাধ্যমে এ ধরনের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু তারপরও রাসায়নিক অস্ত্র উৎপাদন ও মজুদ করার সুযোগ থেকেই যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেই ব্যাপক গণহত্যা চালান। ১৯৯২-৯৩ সালে আরেক সনদের মাধ্যমে রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও মজুদও নিষিদ্ধ করা হয়, যা কার্যকর হয় ১৯৯৭ সালে। তার পর থেকেই ওপিসিডব্লিউ তদন্ত চালিয়ে এবং মজুদ ধ্বংসের মাধ্যমে রাসায়নিক অস্ত্র নিরোধে ভূমিকা রেখে আসছে।
“আলফ্রেড নোবেল তার উইলে অস্ত্র বিস্তার রোধের ওপর গুরুত্ব দিয়ে গেছেন। বহু পুরস্কারের মধ্যে দিয়ে নরওযের নোবেল কমিটিও পরমাণু অস্ত্র বিস্তার রোধের পক্ষে দাঁড়িয়েছে। আর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ওপিসিডব্লিউর নাম ঘোষণা করে রাসায়নিক অস্ত্রনিরোধেও ভূমিকা রাখতে চায়।”
নোবেল কমিটির চেয়ারম্যান থরবিয়র্ন ইয়াগল্যান্ড বলেন, সম্প্রতি সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনার পর এ ধরনের অস্ত্র নির্মূলের উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তা সামনে চলে এসেছে।কিন্তু কিছু কিছু দেশ এখনও ওপিসিডাব্লিউর সদস্য হয়নি। কোনো কোনো দেশ সদস্য হলেও অঙ্গীকার অনুযায়ী ২০১২ সালের এপ্রিলের মধ্যে রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করেনি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশও রয়েছে।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবে ওপিসিডব্লিউ। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।
ইউরোপ মহাদেশকে শান্তি ও ঐক্যের বন্ধনে বাঁধতে ছয় দশকের চেষ্টার স্বীকৃতি হিসাবে গত বছর নোবেল শান্তি পুরস্কার পায় ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন।
