২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৯০ জন সাধারণ মানুষকে হত্যা করেছে বিদ্রোহীরা’

সিরিয়ার বিদ্রোহীরা অগাস্টে দেশটির লাতাকিয়া প্রদেশে অন্তত ১৯০ জন বেসামরিক মানুষকে হত্যা এবং ২শ’র বেশি মানুষকে অপহরণ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুক্রবার এ তথ্য জানায়। এটাকে সিরিয়ার বিরোধী দলগুলোর মানবাধিকারের বিরুদ্ধে অপরাধের প্রথম প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।

এইচআরডব্লিউ জানায়, বিভিন্ন জঙ্গি দল এসব হত্যাকাণ্ডের অনেকগুলো ঘটিয়েছে। এছাড়া কিছু হত্যাকাণ্ডের জন্য আল-কায়েদা বাহিনী দায়ী।

গত আড়াই বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি এর আগে বাশার আল আসাদ সরকারের হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরেছে।

এইচআরডব্লিউ পাঁচটি জঙ্গিদলকে খুঁজে বের করেছে যারা লাতাকিয়া আক্রমণের তহবিল সংগ্রহ, আয়োজন, পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছে।

ওই পাঁচটি দলের মধ্যে আল-কায়েদার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা জাবহাত আল-নুসরা, ইসলামিক স্টেট অব ইরাক এবং দ্য লেবান্ত গোষ্ঠী রয়েছে।

অন্য দল দুটি হল ইসলামপন্থী জঙ্গি দল আহরার আল-শাম এবং বিদেশি জিহাদি যোদ্ধাদের একটি দল।

এইসব দল ভিডিও এবং বিবৃতির মাধ্যমে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ করেছে।

আবার কোনো কোনোটি এইচআরডব্লিউ’র প্রতিবেদনকে সমর্থন করেছে। আক্রমণের বেশির ভাগ আর্থিক সাহায্য এসেছে উপসাগরীয় অঞ্চলের ব্যক্তিগত তহবিল থেকে।

তবে এসব কিছুর মধ্যে ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধাদের (এফএসএ) ভূমিকা ঠিক পরিষ্কার নয়। এসব অস্ত্রধারী যোদ্ধারাই সিরিয়ারবিরোধী জোটের প্রধান অংশ যাদের সরাসরি সমর্থন করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং উপসাগরীয় অঞ্চলের সুন্নি মুসলমানরা।

১১ অগাস্ট প্রকাশিত একটি ভিডিওচিত্র যেটা সম্ভবত লাতাকায় ধারণ করা হয়েছ সেখানে এফএসএ প্রধান সেলিম ইদ্রিস বলেন, ‘একটি বিশাল ব্যাপ্তির’ জন্য তারা আক্রমণে অংশ নিচ্ছে।

আসাদের বাহিনীও জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং নৃশংসতা চালানোর জন্য ডানপন্থী দলগুলোকে দায়ী করে আসছে।

এছাড়া জাতিসংঘের কর্মকর্তারা জানান, মে মাসে সুন্নি মুসলমানদের এলাকায় জাতিগত দাঙ্গা শুরুর পেছনে ডানপন্থী দলের হাত আছে। সেখানে প্রধান দুটি দাঙ্গায় ৪৫০ জনের ওপরে সাধারণ মানুষ প্রাণ হারান।

২১ অগাস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে কয়েকশ’ মানুষ নিহত হয়। আসাদ বাহিনীর দাবি জঙ্গি দল এ হামলা চালিয়েছে। আর বিরোধী এবং ডানপন্থী দলগুলোর দাবি এ হামলা আসাদ বাহিনী করেছে।