২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদ হত্যা মামলায় গ্রেপ্তার মুশাররফ

ইসলামাবাদের লাল মসজিদে ২০০৭ সালে সেনা অভিযানের নির্দেশ দিয়ে ১শ’রও বেশি মানুষকে হত্যার অভিযোগে সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে গ্রেপ্তার করেছে পাকিস্তান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Oct 2013, 11:08 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নবাব আকবর বুগতি হত্যা মামলায় জামিন পাওয়ার পরপরই ফের গ্রেপ্তার হলেন মুশাররফ।

মোট তিনটি মামলায় জামিন পেয়ে দেশ ছাড়ার পথ সুগম হয়েছিল মুশাররফের।

বুধবার বুগতি হত্যা মামলায় জামিন পান মুশাররফ। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে বেনজির ভুট্টো হত্যা মামলা এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বরখাস্ত ও আটক রাখার মামলা।

লাল মসজিদ অভিযানের অভিযোগে মুশাররফের বিরুদ্ধে মামলা হয়েছে দু’সপ্তাহ আগে।

ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মুহাম্মদ রিজওয়ান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ইসলামাবাদের লাল মসজিদে সামরিক অভিযানের মামলায় আমরা জেনারেল মুশাররফকে গৃহবন্দি করেছি। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।”

মুশাররফের অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) পার্টির মুখপাত্র মুহাম্মদ আমজাদও গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে বলেছেন, “পুলিশ আনুষ্ঠানিকভাবে জেনারেল মুশাররফকে গ্রেপ্তার করে তাকে গৃহবন্দি করেছে”।

এখন এই মামলায় খুব শিগগিরই জামিনের জন্য আবেদন করা হবে বলে জানান তিনি।