সিরিয়ায় যুদ্ধবিরতি আহ্বান আরব লিগ-ওআইসি’র
আরব দেশগুলোর জোট আরব লিগ এবং ইসলামিক দেশগুলোর সংগঠন ‘ওআইসি’ ঈদুল আযহা উপলক্ষে সিরিয়ায় লড়াইরত দু’পক্ষকে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার আরব লিগ এবং ওআইসি এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। সিরিয়ায় লড়াইরত সরকারি এবং বিদ্রোহী বাহিনী দু’পক্ষকেই পুরোপুরি যুদ্ধবিরতি করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আগামী সপ্তাহে ঈদের সময়টিতে সব ধরনের সহিংসতা, হত্যাযজ্ঞ বন্ধ রাখার ডাক দেয়া হয় বিবৃতিতে।
সিরিয়ায় আড়াই বছরের গৃহযুদ্ধে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে আরো লাখ লাখ মানুষ।
আঞ্চলিক দেশগুলো সিরিয়ার বিদ্রোহী পক্ষকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল অাসাদকে পদত্যাগ করানোর পশ্চিমা দেশগুলোর চেষ্টা বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। ফলে সিরিয়ায় রক্তক্ষয় অবসানের আশা ক্ষীণ হয়ে পড়েছে।
