২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক সরকারের সঙ্গে আলোচনা চান তালেবান নেতা

পাকিস্তানের তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ জানিয়েছেন তিনি সরকারের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে প্রস্তুত। কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে মেহসুদ এ কথা বলেন।

উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতীয় এলাকার অজানা কোনো স্থানে এ মাসে মেহসুদের সাক্ষাতকার নেন বিবিসির ওয়ালি মুজিব।

মেহসুদ বলেন, “আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় বিশ্বাসী। কিন্তু সরকার আমাদের সঙ্গে আলোচনার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। সরকারের আমাদের সঙ্গে বসা প্রয়োজন। তাহলেই কেবল আমরা আমাদের অবস্থানের বিষয়টি তুলে ধরবো।“

মধ্যস্থতাকারীর মাধ্যমে কোনা শর্তসাপেক্ষে আলোচনার জন্য তারা প্রস্তুত নন জানিয়ে মেহসুদ আরো বলেন, “আলোচনার জন্য সবচেয়ে সঠিক পথ হচ্ছে যদি সরকার আমাদের সঙ্গে বসার জন্য আনুষ্ঠানিকভাবে একটি দলকে নিয়োগ দেয় এবং আমরা সম্মানজনক অবস্থানে থেকে আলোচনা করতে পারি।“

সরকারের পক্ষ থেকে আসা আলোচনাকারীদের নিরাপত্তা প্রদানের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তালেবান এই নেতা।

মে মাসে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নেওয়াজ শরিফ ঘোষণা দিয়েছিলেন, তিনি কোনো ধরনের শর্ত ছাড়াই তালেবানের সঙ্গে উন্মুক্ত আলোচনা করতে চান।

সম্প্রতি বেশ কয়েকটি স্থানে জঙ্গীদের রক্তক্ষয়ী হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এসব হামলার দায় অস্বীকার করেছেন মেহসুদ। তবে তিনি এটাও জানিয়েছেন ‘আমেরিকা এবং দেশটির মিত্রদের’ লক্ষ্যবস্তুতে পরিণত করা অব্যাহত রাখবেন তারা।

পাকিস্তানের বিরুদ্ধে তাদের লড়াইয়ের কারণ সম্পর্কে তিনি বলেন, “আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে দুইটি কারণে লড়াইয়ে নেমেছি তার একটি হল আমেরিকা। অন্য কারণটি হচ্ছে পাকিস্তান অনৈসলামিক পদ্ধতিতে চলে। আমরা এটিকে একটি পূর্ণ ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাই।“

আগামী বছরের শেষ দিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যেটা তালেবানের বড় দাবিগুলোর একটি।

এ ব্যাপারে মেহসুদ বলেন, “আমেরিকা সেনা প্রত্যাহার করে নেয়ার পরও আমাদের যে চাহিদা এবং ইচ্ছার কথা বললাম সেগুলো অব্যাহত থাকবে।“

গত কয়েক বছর ধরে পকিস্তান সরকারের বিরুদ্ধে তালেবান গোষ্ঠীর যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিম অঞ্চল নিয়ন্ত্রণ করে তালেবান।

ওই অঞ্চলের ৩০টির বেশি জঙ্গী দল পরিচালনা করেন মেহসুদ। তাকে ধরিয়ে দেয়ার জন্য এফবিআই ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে।