সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুদ্ধবিরতি আহ্বান
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বিঘ্নে শেষ করার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ওপিসিডব্লিউ।
রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য হাতে সময় খুব কম এবং যুদ্ধবিরতি হলেই এ সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছেন ওপিসিডব্লিউ’র প্রধান আহমেত উজুমকু।
সিরিয়ায় চলমান লড়াইয়ের মধ্যে গোলাগুলির কারণে অস্ত্র পরিদর্শকদের প্রথমদিককার কাজ বিঘ্নিত হয়েছে।
আহমেত বলেন, “সাময়িকভাবে যুদ্ধবিরতি হলে লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেই আমি মনে করি।”
হেগ এ সাংবাদিকদেরকে তিনি বলেন, এ পর্যন্ত অস্ত্র ধ্বংসের কাজে সিরিয়া কর্তৃপক্ষ সহযোগিতা করেছে। শেষ হয়েছে একটি স্থাপনার পরিদর্শন কাজ।
এরপর আগামী কয়েক সপ্তাহে পরিদর্শকদেরকে ২০ টি স্থান পরিদর্শন করতে হবে বলে জানান আহমেত।
ওপিসিডব্লিউ’র বিশেষজ্ঞরা গত ৬ অক্টোবর থেকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রভান্ডারসহ এ ধরনের অস্ত্র তৈরির যন্ত্রপাতিগুলো ধ্বংস করতে শুরু করেছে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর জতিসংঘ প্রস্তাবনার আওতায় এ মিশন শুরু হয়।
২১ অগাস্টে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের মুখে ওই প্রস্তাবনা পাস করে জাতিসংঘ।
ওই রাসায়নিক অস্ত্র হামলার দায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের এবং এ হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো। তবে আসাদ সরকার এ হামলার জন্য বিদ্রোহীপক্ষকে দায়ী করেছে।
