তেলেঙ্গানা ইস্যুতে বিদ্যুৎকর্মীদের ধর্মঘট চলছে
ভারতের ঘোষিত নতুন ২৯তম রাজ্য তেলেঙ্গানা ইস্যুতে অন্ধ্রপ্রদেশের বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালব্যাপী ধর্মঘট ষষ্ঠ দিনের মতো চলছে। এতে রাজ্যটির রেল ও বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
হাসাপাতাল ও অন্যান্য জরুরি সেবা বিভাগগুলো জেনারেটর ব্যবহার করে সেবা অব্যাহত রাখার চেষ্টা করছে। পানি সরবরাহ ও মোবাইল ফোন সেবাও বিঘ্নিত হচ্ছে।
ধর্মঘট অবসানে রাজ্যে কর্তৃপক্ষ ও বিদ্যুৎ কর্মীদের মধ্যে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করার প্রতিবাদে শুক্রবার থেকে পুরো রাজ্যজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালব্যাপী ধর্মঘটে যায় অন্ধ্রের বিদ্যুৎকর্মীরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন কিরন কুমার মঙ্গলবার রাতে ধর্মঘটী বিদ্যুৎ কর্মীদের সঙ্গে দুই দফা বৈঠক করেও এর কোনো সুরাহা করতে পারেননি। বৈঠকে বিদ্যুৎকর্মীদের কাজে ফেরার অনুরোধ জানান কিরন কুমার, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করে তারা।
এ বিষয়ে ধর্মঘটী বিদ্যুৎকর্মীদের নেতা সাইবাবু বলেছেন, “মুখ্যমন্ত্রী ধর্মঘট বন্ধ রেখে কাজে যোগ দেয়ার অনুরোধ করেছিলেন কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। এই ধর্মঘট থেকে জরুরি বিদ্যুৎ সরবরাহ সেবাও ছাড় পাবে না।”
প্রস্তাবিত তেলেঙ্গানা রাজ্যের বিরুদ্ধে এই ধর্মঘটে অন্ধ্রের প্রায় ৩০ হাজার বিদ্যুৎকর্মী যোগ দিয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। এতে রাজ্যের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ কর্মীদের ধর্মঘটে রাজ্যের ১৩টি জেলা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। এতে এটিএম বুথ, পেট্রল পাম্প, হাসপাতাল ও ক্যাবলটিভি সেবা প্রায় বন্ধ হয়ে গেছে।
সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংক বন্ধ হয়ে গেছে। এসব দপ্তর ও ব্যাংকের কর্মীরা অনশন ধর্মঘট শুরু করেছে।
প্রতিবাদকারীরা জানিয়েছেন, অন্ধ্র প্রদেশে ভেঙে নতুন প্রদেশ গঠন তারা মেনে নেবে না।
