জিন্স নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে ইরানি তরুণদের ব্যঙ্গ
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে ইরানিরা জিন্স পরতে পারেন না, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরানি তরুণরা।
শুক্রবার বিবিসি’র পার্সি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইরানিরা স্বাধীন হলে তারা ব্লু জিন্স পরবে, পশ্চিমা সংগীত শুনবে।
এর প্রতিক্রিয়ায় ইন্টারনেটের সামাজিক যোগাযোগ সাইটে ইরানে ও বিদেশে অবস্থানরত শত শত ইরানি তরুণ তাদের মতামত জানিয়েছেন।
এর অনেকগুলোতেই ইরানি তরুণরা জিন্স পরে আছেন ও পশ্চিমা সংগীত শুনছেন এমন ভিডিও ও ছবি পোস্ট করেছেন। কেউ কেউ জিন্স পরে ব্যাঙ্গাত্মক ভঙ্গীতে তোলা ছবিও পোস্ট করেছেন।
এদের কেউ কেউ প্রাচীন পারসিক ইতিহাসের প্রধান চরিত্রদের ডেনিম জিন্স পরিয়ে ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেছেন।
জিন্স ইরানে নিষিদ্ধ নয়। তবে ইসলামিক পোশকরীতি অনুযায়ী নারীদের চুল ঢেকে রাখতে হয় এবং শালীন পোশাক পরতে হয়। কিছু পশ্চিমা সংগীত ও পশ্চিমারীতির কিছু সংগীতও চলে ইরানে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, জিন্স পরিহিত এক শিশু দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির কানে কানে কিছু বলছেন।
ফেইসবুকে অন্য এক ইরানি লিখেছেন, “তিনি আমাদের বোমা দেখতে পান কিন্তু আমাদের জিন্স দেখতে পান না।”
