২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাচ্ছেন কায়ানি

পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ঘোষণা দিয়েছেন তিনি তার দায়িত্বের মেয়াদ আর বাড়াতে চান না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

পূর্ব নির্ধারিত সময় চলতিবছরের ২৯ নভেম্বর তিনি অবসরে যাবেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

রোববার দেশটির সেনাবাহিনী থেকে দেয়া এক বিবৃতিতে জেনারেল কায়ানি বলেন, “২০১৩ সালের ২৯ নভেম্বর আমার পালা শেষ হবে।ওই দিনই আমি অবসরে যাব। সর্বশক্তিময় আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন এবং পথ দেখান।“

তিনি আরো বলেন, “আমি ছয় বছর ধরে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং একাগ্রচিত্তে বিশ্বের সেরা সেনাবাহিনীগুলোর একটির সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছি।“

“তবে আমিও সাধারণের সঙ্গে একমত যে, ব্যক্তির প্রাধান্যের চাইতে প্রতিষ্ঠান এবং ঐতিহ্য অনেক বেশি শক্তিশালী।“

সেনাসমর্থিত সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ২০০৭ সালের শেষ দিকে কায়ানিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। ২০১০ সালে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অপ্রত্যাশিতভাবে কায়ানির দায়িত্বের মেয়াদ তিন বছর বৃদ্ধি করেন।

দেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে তার ওপর আস্থা রাখার জন্য তিনি পাকিস্তানের জনগণ, রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “পাকিস্তানের সেনাবাহিনী চায় দেশটি একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশে পরিণত হোক এবং এ জন্য তারা পূর্ণ সমর্থন দিয়ে আসছে।“

“তারা অসংখ্যবার নিজেদের প্রমাণ করেছে। তারা দেশের সুরক্ষায় যে আত্মত্যাগ করেছে তা অমূল্য। পাকিস্তানের সমৃদ্ধিকে তারা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।“

এর আগে সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে ছিল যে, জেনারেল কায়ানি তার দায়িত্বের মেয়াদ আবারো বাড়াতে চান। সেই সঙ্গে শোনা গিয়েছিল, পুনর্গঠিত ‘জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি’র বর্তমান প্রধান জেনারেল খালিদ শামিম উইনের অবসরের পর তিনিই সংগঠনটির প্রধান হবেন।

এ ব্যাপারে কায়ানি বলেন, “মাঝে মাঝে আমার বর্তমান দায়িত্ব এবং ভবিষ্যত পরিকল্পনা শুধুমাত্র গুজবের কারণে সংবাদ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। আমার ওপর নতুনভাবে দায়িত্ব ন্যস্ত করার বিষয় নিয়েও অনেক খবর প্রকাশ পেয়েছে।“