মিশরে সংঘর্ষে ব্রাদারহুড সমর্থক নিহত
মিশরে গত শুক্রবারের বিক্ষোভ-সহিংসতায় হতাহতের ঘটনার পর রোববার ফের কায়রোর দক্ষিণের একটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মুসলিম ব্রাদারহুডের এক সমর্থক নিহত এবং কমপক্ষে ২ জন আহত হয়েছে।
কয়েকটি নিরাপত্তা ও হাসপাতাল সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা রাজধানী কায়রোর প্রায় ৩ শ’ কিলোমিটার দক্ষিণে ডেলগায় বিক্ষোভ মিছিল করছিল। বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনের কাছাকাছি যাওয়ামাত্র সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পুলিশ তাজা গুলি ছুড়ে এর জবাব দেয়। সংঘর্ষ কিভাবে শুরু হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
এর আগে শুক্রবার কায়রোসহ বেশ কয়েকটি শহরে মুরসি সমর্থকরা সেনা-সমর্থিত সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসলে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়।
ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় সৃষ্ট এক জনরোষের মুখে গত ৩ জুলাই সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
ইসলামপন্থি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের এই নেতার বেশকিছু বিতর্কিত পদক্ষেপের কারণে মিশরের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে চরম মতবিরোধ ও বিভক্তির সৃষ্টি হয়।
