আফগানিস্তানে চার নেটো সেনা নিহত
আফগানিস্তানে এক অভিযানের সময় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর চার সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া দেশটির দক্ষিণে এক নিরাপত্তা রক্ষীর গুলিতে অপর একজন নিহত হয়েছেন।
নেটো নেতৃত্বাধীন যৌথ কমান্ড রোববার এক বিবৃতিতে বলেছে, “যৌথ অভিযানের সময় শত্রু বাহিনীর হামলায় আমাদের চার সেনা নিহত হয়েছেন।”
নিহত সেনারা কোন দেশের নাগরিক বিবৃতিতে তা প্রকাশ করা হয়নি।
ওদিকে, শনিবার দক্ষিণ আফগানিস্তানে ভাড়া করা এক নিরাপত্তা রক্ষীর গুলিতে নেটোর অপর এক সেনা নিহত হয়েছেন।
ওই নিরাপত্তা রক্ষী কোনো দেশের নাগরিক তা বের করতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো-নেতৃত্বাধীন বাহিনীর এক মূখপাত্র।
২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তান থেকে বেশিরভাগ বিদেশী সেনা ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চল থেকে নেটো নেতৃত্বাধীন বাহিনীর দূরবর্তী ঘাঁটিগুলো গুটিয়ে নিয়ে আসায় ওই এলাকাগুলো পুনরায় নিজেদের কব্জায় নিতে শুরু করেছে তালেবান।
শনিবারের ঘটনায় ভাড়া করা নিরাপত্তা রক্ষী আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য হলে এ বছর “ভিতর দিক থেকে হামলার” এটি নবম ঘটনা হবে, আর এ ধরনের ঘটনায় নিহত বিদেশী সেনার সংখ্যা ১৪ তে পৌঁছাবে।
