তেলেঙ্গানা রাজ্য অনুমোদন, অন্ধ্র প্রদেশে বিক্ষোভ
ভারতে অন্ধ্র প্রদেশ রাজ্য ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
বৃহস্পতিবার এ অনুমোদনের পর অন্ধ্র প্রদেশে এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে বিরোধীরা।
মন্ত্রিসভার সায়ের পর রায়লসীমা ও উপকূলবর্তী অন্ধ্র নিয়ে হবে সীমান্ধ্র। বাকিটা তেলেঙ্গনা। আগামী ১০ বছর দুই রাজ্যের রাজধানীই হবে হায়দরাবাদ।
এ সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের অন্তত চার মন্ত্রী পদত্যোগপত্র দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
মন্ত্রিসভা থেকে ইতোমধ্যেই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী চিরঞ্জীবী। অন্ধ্রের আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী,মানবসম্পদ উন্নয়নমন্ত্রী এম এম পল্লম রাজু এবং বস্ত্রমন্ত্রী কে এস রাও-ও ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতের ২৯ তম এ রাজ্য প্রতিষ্ঠা করা নিয়ে সম্প্রতি অনেক বিক্ষোভ হয়েছে।
তেলেঙ্গানার পক্ষে যারা তাদের মতে, এ অঞ্চলটি সরকারের অবহেলার শিকার হয়েছে। তাই এ অঞ্চল অালাদা মর্যাদা পাওয়া উচিত। আর তেলেঙ্গানার বিরোধীরা হায়দরাবাদকে যৌথ রাজধানী হিসাবে মানতে নারাজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভা সিদ্ধান্ত ঘোষণার পরই তেলেঙ্গানা বিরোধীরা বিক্ষোভ-মিছিল করেছে। তারা অঞ্চলটিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটও ডাকে।
রাজ্য বিভাজনের বিভিন্ন বিষয় স্থির করার জন্য একটি মন্ত্রিদল গঠন করা হয়েছে। দুই রাজ্যের মধ্যে জলসম্পদ, বিদ্যুৎ ও রাজস্ব কী ভাবে বণ্টন করা হবে তা স্থির করবেন তারা।
মন্ত্রিসভার সিদ্ধান্ত এবার যাবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। তিনি তা অনুমোদনের জন্য অন্ধ্র বিধানসভায় পাঠাবেন।তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারতের পার্লামেন্টে।
