২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে নতুন দলের অনুমোদন মেলেনি

পর্যাপ্ত সই সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় পরিবেশবিদ ম্যারিনা সিলভার নতুন দলের অনুমোদন দেয়নি ব্রাজিলের নির্বাচনী আদালত। ফলে দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার আদালত এই রায় দেয়। শনিবারের মধ্যে সিলভাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি অন্য কোনো দলের হয়ে নির্বাচন করবেন কিনা।

২০১৪ সালের অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সিলভার দল সাসটেইনাবিলিটি নেটওয়ার্ক আদালতে ৬-১ ব্যবধানে বাতিল হয়ে যায়। কারণ দলটি প্রয়োজনীয় চার লাখ ৯২ হাজার সই সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে।

রায়ের পর আদালত প্রাঙ্গণে সিলভা জানান, অন্য কোনা দলের হয়ে নির্বাচন করবেন কিনা সেটা তিনি শুক্রবারের মধ্যে জানাবেন।

তিনি সেই সঙ্গে এটাও জানান, অন্য কোনো দলের সঙ্গে তার কথা হয়নি এবং নিজের দল গড়ে নতুন করে ব্রাজিলের রাজনীতিতে নামার পরিকল্পনা তার।

“আমার দলের অনুমোদন পাওয়া সময়ের ব্যাপার মাত্র। আমরা তালিকাভুক্ত হতে পারিনি। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে, আর সেটা হলো নীতি। আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো।“

সাবেক সিনেটর এবং পরিবেশ মন্ত্রী ৫৫ বছর বয়সী সিলভা ২০১০ সালের সর্বশেষ নির্বাচনে এক কোটি ৯৬ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছিলেন।

বিশেষজ্ঞরা মনে করেন, অন্য দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিলে সিলভার সমর্থন হারানোর ঝুঁকি থাকবে। কারণ ব্রাজিলের প্রথাগত রাজনীতিবিদদের তুলনায় জনগণের মধ্যে সিলভার অনেক বেশি সতেজ রূপ রয়েছে।

এছাড়া দেশটির তরুণরা সিলভাকে সৎ রাজনীতিবিদ হিসেবে পছন্দ করেন। তাই যদি তিনি অন্য দলের হয়ে নির্বাচন করেন তবে তার সমর্থকরা তাকে অন্যদের মতো অপছন্দ করতে শুরু করবেন।

ব্রাজিলের প্রধান বিরোধী দল পিএসডিবি সিনেটর আইকিও নেভেসকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিতে পারে।

পার্নামবুকো রাজ্যের গভর্নর এদুয়ার্দো ক্যামপোস এরই মধ্যে রৌসেফ সরকারের জোট থেকে বেরিয়ে এসে প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এছাড়া পিএসডিবি’র নেতা হোসে সেরাও অন্য দলের হয়ে তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামতে পারেন। যদিও তিনি পিএসডিবিতে থেকে যাওয়ার ঘোষণাই দিয়েছেন।