২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানবে’

ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা একদিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার ইরানের নিউক্লিয়ার উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে সর্বশেষ সতর্কবাণীতে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ওই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো তারা আমাদের উদ্দেশ্যে তৈরি করছে না। তাদের যা আছে তাই দিয়েই তারা আমাদের কাছে পৌঁছতে পারবে। এগুলো তোমাদের জন্য।”

“আমাদের মতো আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোও জানে ইরান ইসরায়েলে পৌঁছার জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে না। তারা আরো দূর লক্ষ্যে পৌঁছতে চায়,” এবিসি’র “এই সকাল” অনুষ্ঠানে বলেন নেতানিয়াহু।

ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সম্পর্ক গড়তে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো উত্তরোত্তর আগ্রহী হয়ে উঠছে। ইরানের প্রতি পশ্চিমের এই পরিবর্তিত মনোভাবে শঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল।

ইরানের প্রতি পশ্চিমা এই মনোভাবের বিরুদ্ধতা করে ইরানের বিভিন্ন ‘বিপজ্জনক সম্ভাবনা’ পশ্চিমা দেশগুলো বিশেষভাবে যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নেতানিয়াহু।

এই সফরকে নিজ দেশের ইরানবিরোধী কূটনীতির কাজে ব্যবহার করছেন তিনি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের আলোচনার চেষ্টার এই সময়ে তার এসব সতর্কবাণী বাড়াবাড়ি ঠেকতে পারে, এমন সম্ভাবনায় তিনি মোটেও উদ্বিগ্ন নন বলে সিবিএস’কে জানান নেতানিয়াহু।

তিনি বলেন, “নীতিটি এমন হওয়া উচিত, ইরান যেন কৃত্রিম কিছু ছাড় দিয়ে একটি অসম্পূর্ণ চুক্তি করে ফেলার স্বাধীনতা না পায়।”

অন্য এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন, “নিউক্লিয়ার অস্ত্র ছোঁড়ার জন্যই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান।”


এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, নিউক্লিয়ার কর্মসূচী নিয়ে অচলাবস্থা নিরসনে প্রথমে তেহরানকেই তার সদিচ্ছার প্রমাণ দিতে হবে।

২০১১ সালে ইরানের সামরিক ঘাঁটিতে এক বিস্ফোরনের সূত্র ধরে ইসরায়েল দাবি করে, এই বিস্ফোরণ ইরানের ৬ হাজার মাইল পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত।

এই দূরত্ব ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের যুক্তরাষ্ট্রে পৌঁছার পক্ষে যথেষ্ঠ।